যুক্তরাষ্ট্রে শত শত কর্মী ছাঁটাই করছে স্যামসাং, সদর দপ্তর আসছে প্লেনোতে

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস যুক্তরাষ্ট্রের সদর দপ্তর টেক্সাসের প্লেনোতে সরানোর মধ্যে শত শত কর্মী ছাঁটাই করছে। নিউ জার্সির ইংলউড ক্লিফসে ৭৩৯ জন কর্মীকে ছাঁটাই বা স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্লেনোতে কমপক্ষে ১০০ জনকে ছাঁটাই করা হচ্ছে।

Jul 21, 2026 - 07:04
যুক্তরাষ্ট্রে শত শত কর্মী ছাঁটাই করছে স্যামসাং, সদর দপ্তর আসছে প্লেনোতে
উইকিমিডিয়া কমন্স

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস যুক্তরাষ্ট্রের সদর দপ্তর টেক্সাসের প্লেনোতে সরানোর মধ্যে শত শত কর্মী ছাঁটাই করছে। নিউ জার্সির ইংলউড ক্লিফসে ৭৩৯ জন কর্মীকে ছাঁটাই বা স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্লেনোতে কমপক্ষে ১০০ জনকে ছাঁটাই করা হচ্ছে।

কোম্পানির পাঠানো একটি ইমেইলে এই ছাঁটাইকে 'ব্যবসায়িক রূপান্তরের অংশ' বলে উল্লেখ করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং গত জুনে নিশ্চিত করেছিল যে প্লেনোর বিদ্যমান ক্যাম্পাসকে স্যামসাং ইলেকট্রনিকস আমেরিকার সদর দপ্তর হিসেবে মনোনীত করা হবে এবং এই রূপান্তর বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে।

স্যামসাং ইংলউড ক্লিফসে অত্যাধুনিক ক্যাম্পাসের উদ্বোধন করেছিল এক বছরেরও কম আগে, যেখানে প্রায় ১ হাজার ২০০ কর্মী রাখার পরিকল্পনা ছিল। এর আগে কোম্পানিটির সদর দপ্তর ছিল কাছের রিজফিল্ড পার্কে, যেখানে ১৯৯২ সাল থেকে স্যামসাংয়ের কার্যক্রম ছিল। নর্থ টেক্সাসে স্যামসাংয়ের দীর্ঘদিনের উপস্থিতি রয়েছে, যেখানে ২০১৯ সালে প্লেনোর লেগাসি সেন্ট্রালে কার্যক্রম একীভূত করা হয় এবং পরবর্তী বছরগুলোতে অফিস স্পেস বাড়ানো হয়।

নিউ জার্সিতে দাখিল করা ওয়ার্ন নোটিশ অনুযায়ী, ইংলউড ক্লিফসে ছাঁটাই কার্যকর হবে আগামী ৩০ সেপ্টেম্বর। এ ছাড়া স্যামসাং এসডিএস নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গত জুনে রিজফিল্ড পার্কে ১৭৯ জন কর্মী ছাঁটাইয়ের সম্ভাব্য নোটিশ দাখিল করেছে।

স্যামসাংয়ের এই ছাঁটাই এমন সময়ে হচ্ছে যখন কোম্পানিটির চিপস উৎপাদন খাতে মুনাফা ১৯ গুণ বেড়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে। তবে ভোক্তা ইলেকট্রনিকস খাত মেমোরি চিপের দাম বাড়ার কারণে চাপে রয়েছে। স্যামসাংয়ের অস্টিনে একটি ও সম্প্রতি টেইলরে আরেকটি চিপস কারখানা চালু হয়েছে।

সূত্র: দ্য ডালাস মর্নিং নিউজ