প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২১ জুন শনিবার স্থানীয় সময় রাত পৌনে ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফলি হাসান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই দুই দিনের সফরে এসেছেন তারেক রহমান। বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার সম্প্রসারণ ও কৌশলগত সহযোগিতা নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে।
তারেক রহমানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রতিরক্ষা উপদেষ্টাও প্রতিনিধিদলে আছেন।
মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার হলেও বাণিজ্য ভারসাম্য মালয়েশিয়ার পক্ষে। বাংলাদেশ বছরে প্রায় ২০০ কোটি ডলারের পণ্য আমদানি করে মালয়েশিয়া থেকে, যেখানে রপ্তানি মাত্র ১৩ কোটি ৫০ লাখ ডলার। প্রধানত তৈরি পোশাক ও নিটওয়্যার পণ্য রপ্তানি হয়, আর জ্বালানি তেল ও ভোজ্যতেল আমদানি করা হয়।
গত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দলের বিপুল বিজয়ের পর ফেব্রুয়ারিতে দায়িত্ব নেন তারেক রহমান। আগামীকাল সোমবার পুত্রজায়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্র: দ্য ডেইলি স্টার