নুসরাত হত্যা: হাইকোর্টে দুজনের মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যা মামলায় হাইকোর্ট তৎকালীন মাদ্রাসাপ্রধান এস এম সিরাজ উদ দৌলা এবং তার সহযোগী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যা মামলায় হাইকোর্ট তৎকালীন মাদ্রাসাপ্রধান এস এম সিরাজ উদ দৌলা এবং তার সহযোগী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।
গত ২৪ আগস্ট সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ডেইলি স্টার জানিয়েছে, একই রায়ে চার আসামির মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করা হয়েছে এবং ১০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চারজন হলেন উম্মে সুলতানা পপি, নূর উদ্দীন, শাকওয়াত হোসেন জাবেদ ও সাইফুর রহমান মুহাম্মদ জুবায়ের। হাইকোর্ট একই সঙ্গে আইন মন্ত্রণালয়কে বিচারিক আদালতের বিচারক মামুন উর রশীদের ফৌজদারি বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বিচারক বিবেচনাহীনভাবে ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।
২০১৯ সালের ২৭ মার্চ সিরাজ উদ দৌলা নুসরাতকে যৌন হয়রানি করলে তার মা মামলা করেন এবং সিরাজকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই বছরের ৬ এপ্রিল নুসরাতকে মাদ্রাসার ছাদে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। চার দিন পর ১৯ বছর বয়সী নুসরাত মারা যান।
ওই বছরের ২৪ অক্টোবর ফেনীর বিচারিক আদালত ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। মামলাটি ২৯ অক্টোবর হাইকোর্টে আসে। চলতি বছরের ২৮ জুলাই থেকে শুনানি শুরু হওয়ার পর ১৭ কার্যদিবসে রায় দেওয়া হয়।
সূত্র: দ্য ডেইলি স্টার