৫৪৭ মিলিয়ন ডলারের মেডিকেয়ার জালিয়াতির মামলার পলাতক আসামি গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, মেডিকেয়ার থেকে ৫৪৭ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা খালিদ আহমেদ সাতারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিন বছরের বেশি সময় ধরে আত্মগোপনে থাকার পর মধ্যপ্রাচ্যের একটি দেশে তাকে আটক করা হয় এবং পরে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে সাতারি একাধিক ডায়াগনস্টিক পরীক্ষাগারের মাধ্যমে চিকিৎসাগতভাবে প্রয়োজন ছিল না এমন ব্যয়বহুল জেনেটিক পরীক্ষার বিল মেডিকেয়ারের কাছে জমা দেন। তদন্তকারীদের দাবি, রোগী সংগ্রহকারী, টেলিমার্কেটিং প্রতিষ্ঠান, টেলিমেডিসিন কোম্পানি এবং ঘুষের মাধ্যমে এই জালিয়াতির নেটওয়ার্ক পরিচালিত হতো।
২০১৯ সালে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। তবে পরে তিনি আদালতে হাজির না হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। বিচার বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারের সময় তার কাছে ভুয়া পরিচয়ে তৈরি একটি মেক্সিকান পাসপোর্টও পাওয়া গেছে।
সাতারির বিরুদ্ধে স্বাস্থ্যসেবা জালিয়াতি, তারবার্তা জালিয়াতির ষড়যন্ত্র, অর্থপাচার এবং ঘুষসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার কয়েক দশক পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এফবিআই বলেছে, তাদের নতুন ‘মোস্ট ওয়ান্টেড ফ্রডস্টারস’ কর্মসূচি চালুর পর এটি তৃতীয় বড় গ্রেপ্তার।
সূত্র: ফক্স ফাইভ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ