সীমান্তে অভিবাসীদের আটকে রাখতে মার্কিন সেনাবাহিনীকে নতুন ক্ষমতা দিল বিচার বিভাগ

মেক্সিকো সীমান্তে অভিবাসীদের আটক করতে মার্কিন সেনাবাহিনীকে নতুন আইনি ক্ষমতা দিল বিচার বিভাগ। শুক্রবার জারি করা এক মতামতপত্রে বলা হয়েছে, সেনাসদস্যরা এখন ন্যাশনাল ডিফেন্স এরিয়া সংলগ্ন এলাকায় অভিবাসীদের আটক করতে পারবেন, যা আগে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখতিয়ারে ছিল।

Aug 15, 2026 - 19:07
সীমান্তে অভিবাসীদের আটকে রাখতে মার্কিন সেনাবাহিনীকে নতুন ক্ষমতা দিল বিচার বিভাগ
উইকিমিডিয়া কমন্স: Dugan Meyer

মেক্সিকো সীমান্তে অভিবাসীদের আটক করতে মার্কিন সেনাবাহিনীকে নতুন আইনি ক্ষমতা দিল বিচার বিভাগ। শুক্রবার জারি করা এক মতামতপত্রে বলা হয়েছে, সেনাসদস্যরা এখন ন্যাশনাল ডিফেন্স এরিয়া সংলগ্ন এলাকায় অভিবাসীদের আটক করতে পারবেন, যা আগে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখতিয়ারে ছিল।

সিবিএস নিউজ জানায়, ডেপুটি সহকারী অ্যাটর্নি জেনারেল উইলিয়াম হাইড স্বাক্ষরিত এই মতামতে বলা হয়েছে, এনডিএর বাইরে সীমান্ত লঙ্ঘনকারীদের আটক করা পোসে কমিটাটাস আইনের লঙ্ঘন হবে না। বর্তমানে আরিজোনা, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো ও টেক্সাসে মোট ছয়টি এনডিএ চালু রয়েছে।

বর্তমানে যৌথ টাস্কফোর্স সাউদার্ন বর্ডারে ৮ হাজার সেনাসদস্য মোতায়েন রয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে সীমান্তে মোট ২০ হাজারের বেশি সেনাসদস্য দায়িত্ব পালন করেছেন।

এখন পর্যন্ত এনডিএগুলোতে ১৬১ জনকে সাময়িকভাবে আটক করা হয়েছে। নতুন এই আইনি ব্যাখ্যা মার্কিন সামরিক বাহিনীর ঐতিহ্যগত নিষেধাজ্ঞাকে সরিয়ে আইন প্রয়োগকারী কার্যক্রমে সেনাবাহিনীর ভূমিকা সম্প্রসারিত করবে।

চলতি ২০২৬ অর্থবছরে এখন পর্যন্ত ৮১ হাজার অভিবাসী সীমান্তে আটক হয়েছেন, যা ২০২৫ অর্থবছরের দুই লাখ ৪০ হাজার এবং ২০২৩-২৪ অর্থবছরের ১৫ থেকে ২০ লাখের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

সূত্র: সিবিএস নিউজ