ডালাস ছেড়ে প্লেনোতে চলে যাচ্ছে এটিঅ্যান্ডটি ও ডালাস স্টার্স, কমছে শহরের জনসংখ্যা
এটিঅ্যান্ডটি ও ডালাস স্টার্স হকি দল ডালাস শহর ছেড়ে উপশহর প্লেনোতে স্থানান্তরিত হচ্ছে। একই সময়ে টেক্সাসের তৃতীয় বৃহত্তম এই শহরের জনসংখ্যা কভিড-১৯ মহামারির পর প্রথমবারের মতো কমেছে।
এটিঅ্যান্ডটি ও ডালাস স্টার্স হকি দল ডালাস শহর ছেড়ে উপশহর প্লেনোতে স্থানান্তরিত হচ্ছে। একই সময়ে টেক্সাসের তৃতীয় বৃহত্তম এই শহরের জনসংখ্যা কভিড-১৯ মহামারির পর প্রথমবারের মতো কমেছে।
টেক্সাস ট্রিবিউন ও কেইরা নিউজের প্রতিবেদনে গত ২০ জুলাই সোমবার জানানো হয়, চলতি বছরের জানুয়ারিতে এটিঅ্যান্ডটি ঘোষণা দেয় যে তারা ডাউনটাউন ডালাসের কার্যালয় ছেড়ে প্লেনোতে ২৩ লাখ বর্গফুটের একটি ক্যাম্পাসে যাবে। প্লেনো কর্তৃপক্ষ কোম্পানিটিকে ২ কোটি ডলারের প্রণোদনা দিয়ে সেখানে আনছে।
কয়েক মাস পর ডালাস স্টার্স হকি দলও প্লেনোতে চলে যাওয়ার কথা জানায়। দলটি উইলো বেন্ড মলের জায়গায় একটি নতুন স্টেডিয়ামসহ আবাসিক ও বাণিজ্যিক এলাকা গড়ার পরিকল্পনা করছে। সেন্সাস তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ডালাস-ফোর্ট ওয়ার্থ অঞ্চল ১০ শতাংশ বাড়লেও ডালাস শহর বেড়েছে মাত্র ২ শতাংশ।
গত বছর ডালাসের জনসংখ্যা ১ হাজার ৮০০ কমে ১৩ লাখে দাঁড়িয়েছে। ডালাস কাউন্টি জাজ ক্লে জেনকিনস বলেন, পরিস্থিতি মোকাবিলায় এখনই ব্যবস্থা নেওয়া দরকার। এর মধ্যে শহরটি ইতিমধ্যে বাজেটে ৫ কোটি ১০ লাখ ডলারের ঘাটতির মুখে পড়েছে।
তবে আশার আলোও আছে। গোল্ডম্যান স্যাকস ডালাসের আপটাউনে নিউ ইয়র্কের বাইরে তার সবচেয়ে বড় কার্যালয় স্থাপন করছে। মর্গান স্ট্যানলি ডালাসে ১৩০ কোটি ডলারের অফিস টাওয়ার নির্মাণের পরিকল্পনা করছে, যেখানে ৪ হাজার ৮০০ কর্মী কাজ করবেন।
সূত্র: টেক্সাস ট্রিবিউন ও কেইরা নিউজ