মেক্সিকোর লেটুস থেকে ছড়ানো পরজীবী সংক্রমণ ১৫ রাজ্যে, আক্রান্ত ১০ হাজারের বেশি
মেক্সিকো থেকে আমদানি করা টেইলর ফার্মসের আইসবার্গ লেটুসের সঙ্গে যুক্ত সাইক্লোস্পোরা পরজীবীর সংক্রমণ যুক্তরাষ্ট্রের ১৫টি রাজ্যে ছড়িয়ে পড়েছে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, এ পর্যন্ত ১০ হাজারের বেশি সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং দুজনের মৃত্যু হয়েছে।

সিএনএন জানিয়েছে, সাইক্লোস্পোরা একটি ক্ষুদ্র পরজীবী যা ক্ষুদ্রান্তে প্রবেশ করে এবং চিকিৎসা না করলে সপ্তাহের পর সপ্তাহ পাতলা পায়খানা, ক্লান্তি ও পেটব্যথার কারণ হয়। গত ১৭ জুলাই টেইলর ফার্মস মধ্য মেক্সিকো থেকে সংগ্রহ করা সব আইসবার্গ লেটুস প্রত্যাহার করে নেয়।
প্রত্যাহারকৃত পণ্য ২৯ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে রেস্তোরাঁয় এবং ২৭টি রাজ্যের খুচরা বিক্রয়কেন্দ্রে সরবরাহ করা হয়েছিল। ফাস্টফুড চেইন টাকো বেল সাময়িকভাবে লেটুস ও সংশ্লিষ্ট উপাদান তাদের মেনু থেকে সরিয়ে নিয়েছে। নতুনভাবে যুক্ত হওয়া রাজ্যগুলোর মধ্যে রয়েছে আরকানসাস, আইওয়া, নেব্রাস্কা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলাইনা ও মিসৌরি।
সিডিসি জানিয়েছে, মিশিগানে দুজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। উভয় মৃত ব্যক্তির আগে থেকে গুরুতর স্বাস্থ্য সমস্যা ছিল। পরজীবীটি ধুয়েও ধ্বংস করা যায় না, তবে ৭০ ডিগ্রি সেলসিয়াসে গরম করলে মারা যায়।
খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, হিমায়িত ও টিনজাত পণ্য নিরাপদ কারণ প্রক্রিয়াকরণে তাপ ব্যবহার করা হয়। তদন্তে যুক্ত আছে সিডিসি, এফডিএ ও রাজ্যের স্বাস্থ্য বিভাগ। ২০১৮ ও ২০২০ সালে যুক্তরাষ্ট্রে লেটুসের সঙ্গে যুক্ত সাইক্লোস্পোরা প্রাদুর্ভাব আগেও দেখা গেছে।
সূত্র: সিএনএন