সাত মাসে সাড়ে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, দুই হাজারের সন্ধান মেলেনি
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৩৮ জনের সন্ধান এখনো মেলেনি। গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, ওই সময়ে নিখোঁজ ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে অথবা তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে শুধু নিখোঁজের সংখ্যা প্রকাশিত হওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছিল বলে বিষয়টি স্পষ্ট করতে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শূন্য থেকে নয় বছর বয়সী শিশু নিখোঁজের বিষয়ে ৪৭৪টি জিডি হয়েছে, যার মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৬৮ জন এখনো নিখোঁজ। ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজের জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি, যার মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ছোট শিশুরা সাধারণত পথ ভুলে বা পরিবারের নাম-ঠিকানা বলতে না পেরে নিখোঁজ হয়। অন্যদিকে কিশোরদের নিখোঁজ হওয়ার পেছনে অভিমান, পড়ালেখার চাপ, পারিবারিক কলহ এবং বন্ধুদের প্রভাবের মতো কারণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অনলাইন জিডি সুবিধা চালু হওয়ায় নিখোঁজের বিষয়ে জিডির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পুলিশের তথ্যমতে, ২০২৩ সালে ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি নিখোঁজসংক্রান্ত জিডি হয়েছিল।
সূত্র: দ্য ডেইলি স্টার