বইয়ের কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ১৫০ কোটি ডলারে মামলা নিষ্পত্তি করছে এআই কোম্পানি অ্যান্থ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যান্থ্রপিক বই লেখকদের সাথে ১৫০ কোটি ডলারের মামলা নিষ্পত্তিতে সম্মত হয়েছে। লেখকরা অভিযোগ করেন, কোম্পানিটি তার চ্যাটবট ক্লড প্রশিক্ষণ দিতে তাদের বইয়ের পাইরেটেড কপি ব্যবহার করেছে।

Jul 23, 2026 - 08:30
বইয়ের কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ১৫০ কোটি ডলারে মামলা নিষ্পত্তি করছে এআই কোম্পানি অ্যান্থ্রপিক
উইকিমিডিয়া কমন্স: Jernej Furman

কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যান্থ্রপিক বই লেখকদের সাথে ১৫০ কোটি ডলারের মামলা নিষ্পত্তিতে সম্মত হয়েছে। লেখকরা অভিযোগ করেন, কোম্পানিটি তার চ্যাটবট ক্লড প্রশিক্ষণ দিতে তাদের বইয়ের পাইরেটেড কপি ব্যবহার করেছে।

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এই নিষ্পত্তি অনুযায়ী প্রায় ৫ লাখ বইয়ের জন্য লেখক বা প্রকাশকদের বইপ্রতি প্রায় ৩ হাজার ডলার করে দেওয়া হবে। সান ফ্রান্সিসকোর ফেডারেল বিচারক উইলিয়াম আলসাপ আগামী সোমবার নিষ্পত্তির শর্ত পর্যালোচনার শুনানি নির্ধারণ করেছেন।

লেখকদের আইনজীবী জাস্টিন নেলসন বলেন, আমাদের জানামতে এটি কপিরাইটের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষতিপূরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এটি প্রথম ধরনের মামলা। থ্রিলার লেখক আন্দ্রেয়া বার্টজসহ তিন লেখক গত বছর মামলা করেন এবং এখন তারা একটি বৃহত্তর লেখক ও প্রকাশক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন।

জুন মাসে ফেডারেল বিচারক একটি মিশ্র রায়ে বলেন, কপিরাইটযুক্ত বই দিয়ে চ্যাটবট প্রশিক্ষণ বেআইনি নয়, তবে পাইরেটেড ওয়েবসাইট থেকে লক্ষাধিক বই নামিয়ে নেওয়া অন্যায় ছিল। ডিসেম্বরে নির্ধারিত বিচারে হারলে অ্যান্থ্রপিককে আরও বেশি অর্থ দিতে হতো।

আইনি বিশ্লেষক থমাস লং বলেন, মামলায় হারলে এটি অ্যান্থ্রপিককে পঙ্গু বা এমনকি দেউলিয়া করে দিতে পারত। এআই কোম্পানি ও সৃজনশীল পেশাদারদের মধ্যে কপিরাইট বিরোধে এই নিষ্পত্তি একটি মোড়ঘোরানো ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস