ডালাসভিত্তিক আমেরিকান এয়ারলাইন্স কেবিন ক্রুকে হত্যার দায়ে পেরু ও কলম্বিয়ায় তিন আসামি গ্রেপ্তার
ডালাস-ফোর্ট ওয়ার্থভিত্তিক আমেরিকান এয়ারলাইন্সের কেবিন ক্রু এরিক ফার্নান্দো গুতিয়েরেস মোলিনাকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পেরু ও কলম্বিয়ায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩২ বছর বয়সী গুতিয়েরেস মোলিনা গত ২১ মার্চ মিয়ামি থেকে কলম্বিয়ার মেদেইন শহরে একটি নিয়মিত লেওভারে আসেন এবং এরপর নিখোঁজ হন।

এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, তদন্তে বের হয় যে গুতিয়েরেস মোলিনা একটি ডেটিং অ্যাপের মাধ্যমে সন্দেহভাজনদের সঙ্গে যোগাযোগ করেন এবং মেদেইনের এল পোবলাদো এলাকার একটি নাইটক্লাবে যান। পরে একটি মোটেলে তাঁকে রাসায়নিক পদার্থ মেশানো পানীয় দিয়ে অচেতন করা হয়।
অচেতন অবস্থায় তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ১০ হাজার ডলার স্থানান্তর করা হয় এবং মূল্যবান সামগ্রী চুরি করা হয়। সজ্ঞান হয়ে চুরির বিষয়টি বুঝতে পারলে আসামিরা তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে। মেদেইনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেস জানান, হত্যার পর লাশ জেরিকো ও পুয়েন্তে ইগলেসিয়াসের মধ্যবর্তী গ্রামীণ এলাকায় ফেলে আসা হয়।
ইন্টারপোলের সহায়তায় আন্দ্রেস ফেলিপে পেনিয়া কোরালেস (২৩) ও উইলিয়াম ওলাভে গামবোয়া (৩১) পেরুতে গ্রেপ্তার হন। পেনিয়াকে কলম্বিয়ায় প্রত্যর্পণ করা হয়েছে, ওলাভে পেরুতে প্রত্যর্পণের অপেক্ষায় রয়েছেন। তৃতীয় আসামি মারিয়া দেল কারমেন গনসালেস (২৪) কলম্বিয়ার মন্তেরিয়ায় গ্রেপ্তার হয়েছেন। প্রথম দুজনের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, তিনজনই লস গোতেরোস নামের একটি অপরাধী চক্রের সদস্য, যারা বিদেশি পর্যটক ও এয়ারলাইন্স কর্মীদের লক্ষ্য করে অপরাধ করে থাকে। মার্কিন নাগরিক গুতিয়েরেস মোলিনা এল সালভাদরে জন্মগ্রহণ করেন এবং নর্থ টেক্সাসে বসবাস করতেন।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ