ম্যাকাওয়ে চালু হয়েছে বিশ্বের প্রথম ‘রিসোর্ট হাসপাতাল’

প্রায় দুই দশক আগে লাস ভেগাসকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জুয়ার বড় কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে চীনের ম্যাকাও। এবার সেই শহর স্বাস্থ্য পর্যটনের নতুন কেন্দ্র হতে চায়।

Oct 8, 2025 - 02:29
ম্যাকাওয়ে চালু হয়েছে বিশ্বের প্রথম ‘রিসোর্ট হাসপাতাল’
রিসোর্ট হাসপাতাল; যেখানে মিলবে, বিলাসবহুল পরিবেশে স্বাস্থ্যসেবা। ছবি: বিবিসি

প্রায় দুই দশক আগে লাস ভেগাসকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জুয়ার বড় কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে চীনের ম্যাকাও। এবার সেই শহর স্বাস্থ্য পর্যটনের নতুন কেন্দ্র হতে চায়। এর অংশ হিসেবে শহরটিতে চালু হয়েছে বিশ্বের প্রথম ‘রিসোর্ট হাসপাতাল’, যেখানে বিলাসবহুল পরিবেশে স্বাস্থ্য পরীক্ষা, উন্নত স্ক্যান ও সৌন্দর্যবর্ধক চিকিৎসা সেবা মিলবে একসঙ্গে।

নতুন এই চিকিৎসাকেন্দ্রটি স্থাপিত হয়েছে ম্যাকাওয়ের স্টুডিও সিটি রিসোর্টে, যা হলো হলিউড-থিমভিত্তিক ক্যাসিনো ও বিনোদন কেন্দ্র। এটি পরিচালনা করে হংকংভিত্তিক প্রতিষ্ঠান মেলকো রিসোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লরেন্স হো বলেন, এই প্রকল্পের লক্ষ্য হলো স্বাস্থ্য পর্যটনকে উৎসাহ দেওয়া, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এবং স্বাস্থ্যসেবা ও বিনোদনকে একই ছাদের নিচে আনা।

মেলকো রিসোর্টসের অংশীদার হিসেবে কাজ করছে হংকংয়ের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আইর‌্যাড হাসপাতাল, যারা এমআরআই স্ক্যান ও উন্নত চিকিৎসা প্রযুক্তিতে বিশেষজ্ঞ। তাদের মতে, এই ‘বৈপ্লবিক ধারণা’ স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করবে, ফলে পর্যটকদের অবস্থানের সময় ও ব্যয়—দুটোই বাড়বে।

আইর‌্যাডের চেয়ারম্যান ডেনিস ট্যাম বলেন, প্রতিবছর প্রায় ৪ কোটি পর্যটক ম্যাকাও ভ্রমণ করেন। তাই স্বাস্থ্য পর্যটনের শীর্ষ গন্তব্যে পরিণত হওয়ার জন্য এই শহরটির সম্ভাবনা অপরিসীম।

অর্থনৈতিক বৈচিত্র্য আনার লক্ষ্যে প্রকল্পটি সরকারের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছেন লরেন্স হো। দীর্ঘদিন ধরে ম্যাকাওর অর্থনীতি মূলত জুয়া-কেন্দ্রিক। ২০০০ সালের শুরুর দিকে বৈশ্বিক ক্যাসিনো কোম্পানিগুলোর জন্য বাজার উন্মুক্ত করার পর থেকেই ম্যাকাওর জুয়া শিল্পে বিপুল প্রবৃদ্ধি আসে। তখন থেকেই শহরটি লাস ভেগাসকে ছাড়িয়ে যায় আয় ও পর্যটকসংখ্যায়।

তবে কোভিড-১৯ মহামারির সময় ক্যাসিনো বন্ধ হয়ে গেলে রাজস্ব মারাত্মকভাবে কমে যায়। এরপর থেকেই প্রশাসন জুয়া নির্ভরতা কমিয়ে স্বাস্থ্য, প্রযুক্তি ও ইভেন্ট খাতের উন্নয়নে জোর দিচ্ছে।

বিশ্বব্যাপী চিকিৎসা পর্যটনের বাজার এখন দশ হাজার কোটি ডলারেরও বেশি, এবং আগামী এক দশকে এর প্রবৃদ্ধি আরও বাড়বে বলে ধারণা বিশ্লেষকদের। এশিয়াতেও এই খাত দ্রুত বিকশিত হচ্ছে—দক্ষিণ কোরিয়ায় প্রসাধনমূলক সার্জারি, সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা, ভারতের হাসপাতালে কম খরচে চিকিৎসা, এবং তুরস্কে সাশ্রয়ী ট্রান্সপ্লান্ট ও ডেন্টাল সেবা নিয়ে বিদেশিরা ভিড় জমাচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ম্যাকাওয়ের নতুন এই রিসোর্ট হাসপাতাল উদ্যোগ এশিয়ায় স্বাস্থ্য পর্যটনের প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলবে এবং শহরটির অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দেবে।

তথ্যসূত্র: বিবিসি