হলিউড পরিচালক রব রেইনারের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে দুজন খুন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউড এলাকায় হলিউড পরিচালক রব রেইনারের মালিকানাধীন একটি বাড়ি থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আপাতত হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)।

এলএপিডির এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটে ওই বাড়িতে পুলিশকে ডাকা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন সূত্র এবিসি নিউজকে জানিয়েছে, নিহত দুজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে, বাড়ির ভেতর এক পুরুষ ও এক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের বয়স যথাক্রমে ৭৮ ও ৬৮ বছর বলে জানানো হয়েছে।
ঘটনাস্থলে এলএপিডির রবারি ও হোমিসাইড ইউনিটের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হন। নিহতদের পরিচয় ও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
রব রেইনার ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’, ‘স্ট্যান্ড বাই মি’ ও ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’-সহ বহু জনপ্রিয় হলিউড ছবির নির্মাতা হিসেবে পরিচিত। তিনি ১৯৮৯ সালে মিশেল সিঙ্গারকে বিয়ে করেন। তাঁদের তিন সন্তান—জেক, নিক ও রোমি।
তথ্যসূত্র: এবিসি নিউজ