ভোটার আইডি বিল পাসে কংগ্রেসকে আল্টিমেটাম ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটার আইডি বাধ্যতামূলক করার বিল পাসে কংগ্রেসকে নতুন করে চাপ দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কংগ্রেস আইনটি অনুমোদন না করা পর্যন্ত অন্য কোনো বিল তিনি স্বাক্ষর করবেন না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটার আইডি বাধ্যতামূলক করার বিল পাসে কংগ্রেসকে নতুন করে চাপ দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কংগ্রেস আইনটি অনুমোদন না করা পর্যন্ত অন্য কোনো বিল তিনি স্বাক্ষর করবেন না।
সোমবার রিপাবলিক্যান পার্টির এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘ভোট দিতে হলে প্রত্যেক ভোটারকে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে।’ একই সঙ্গে তিনি অসুস্থতা, অক্ষমতা, সামরিক দায়িত্ব বা ভ্রমণ ছাড়া ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ বাতিলের কথাও বলেন।
ট্রাম্প দাবি করেন, এই বিল পাস হলে ডেমোক্র্যাটরা হয়তো ‘৫০ বছর বা তারও বেশি সময় কোনো নির্বাচন জিততে পারবে না।’
তবে ভোটাধিকার কর্মীরা বলছেন, প্রস্তাবিত আইনটি কার্যকর হলে লাখো মার্কিন নাগরিক ভোটাধিকার হারাতে পারেন। কারণ যুক্তরাষ্ট্রে মাত্র প্রায় অর্ধেক মানুষের বৈধ পাসপোর্ট রয়েছে এবং জন্মসনদসহ অনেক নথিতে নামের অমিল থাকতে পারে—বিশেষ করে বিয়ের পর নাম পরিবর্তন করা নারীদের ক্ষেত্রে।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প এই বিলের সঙ্গে ট্রান্সজেন্ডার ইস্যু সম্পর্কিত কিছু শর্তও যুক্ত করতে চাইছেন। গত সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, বিলটিতে অপ্রাপ্তবয়স্কদের জন্য ট্রান্সজেন্ডার ট্রানজিশন সার্জারি নিষিদ্ধসহ কয়েকটি অগ্রাধিকারমূলক বিষয় যুক্ত করার কথা বলেছেন ট্রাম্প।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান