উইটকফ-কুশনারের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানে নির্ধারিত আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিদের সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Apr 25, 2026 - 14:08
উইটকফ-কুশনারের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানে নির্ধারিত আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিদের সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তার নির্দেশেই এই সফর স্থগিত করা হয়েছে। ট্রাম্প বলেন, “কিছুক্ষণ আগে আমি আমার প্রতিনিধিদের বলেছিনা, দীর্ঘ ১৮ ঘণ্টার পথ পাড়ি দিয়ে সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে যাচ্ছেন। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ট্রাম্প বলেন, “সব তাস এখন আমাদের হাতে। তারা চাইলে যেকোনো সময় আমাদের ফোন করতে পারে। কিন্তু সেখানে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে ফালতু কথা বলার দরকার নেই।

এই সিদ্ধান্তে ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনা বড় ধাক্কা খেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে পাকিস্তানের নেতাদের কাছে তাদের দাবি-সংবলিত একটি তালিকা জমা দিয়ে তেহরানে ফিরে গেছেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অনমনীয় অবস্থান ইরান সংকট দীর্ঘায়িত করতে পারে।

তথ্যসূত্র: এএফপি