ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে ট্রাম্প
মধ্যপ্রাচ্যে উত্তেজনার চরম মুহূর্তে শেষ সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তেহরানের দাবি না মানলে ভয়াবহ হামলার হুমকি দিয়েছিলেন তিনি।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার চরম মুহূর্তে শেষ সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তেহরানের দাবি না মানলে ভয়াবহ হামলার হুমকি দিয়েছিলেন তিনি।
চুক্তির মূল শর্ত অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস সরবরাহে আরোপিত অবরোধ স্থগিত করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান পাল্টা হামলা বন্ধ রাখবে এবং প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিত করবে।
ট্রাম্প জানান, ইরান আলোচনার জন্য ১০ দফা প্রস্তাব দিয়েছে, যা সম্ভাব্য চুক্তির ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির শর্ত কার্যকর হওয়ার পরই ইরানের ওপর হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
এই সমঝোতায় মধ্যস্থতা করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্যোগেই দুই পক্ষ এ সমঝোতায় পৌঁছায়। ইরান জানিয়েছে, আগামী শুক্রবার ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে, যদিও ওয়াশিংটন এখনো সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, আলোচনা নিয়ে কথা চলছে, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।
যুদ্ধবিরতির ঘোষণার পর বৈশ্বিক তেলের বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ১৭ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯২ ডলারে নেমে এসেছে, একই সঙ্গে শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে।
এদিকে তেহরানে সাধারণ মানুষের মধ্যে উদযাপনের খবর পাওয়া গেলেও রাষ্ট্রীয় টেলিভিশন এই চুক্তিকে ট্রাম্পের ‘লজ্জাজনক পিছু হটা’ হিসেবে বর্ণনা করেছে।
তথ্যসূত্র: আল জাজিরা, রয়টার্স