মার্কিনীদের মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের
ইরানকে নিয়ে উত্তেজনা চরমে ওঠার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অঞ্চলটিতে ভ্রমণ ও অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
ইরানকে নিয়ে উত্তেজনা চরমে ওঠার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অঞ্চলটিতে ভ্রমণ ও অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
এই সতর্কতা এসেছে এমন সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সমঝোতায় না এলে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন এবং হরমুজ প্রণালি খোলা না হলে বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছেন। এর জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের ভ্রমণ এবং হজে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র দপ্তর জর্ডান, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ সতর্কতা লেভেল-৩-এ উন্নীত করে বলেছে, এসব স্থানে নিরাপত্তা ঝুঁকি গুরুতর।
মধ্যপ্রাচ্যজুড়ে দূতাবাসগুলো সীমিত জরুরি সেবা দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে নিয়মিত কনস্যুলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাহরাইনে অবস্থানরত মার্কিনদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের সতর্কতায় বলা হয়েছে, ইরান-সমর্থিত গোষ্ঠীসহ চরমপন্থিরা অঞ্চলজুড়ে হামলার পরিকল্পনা করতে পারে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও ঝুঁকির মধ্যে থাকতে পারে।
এর আগে জারি করা নির্দেশনায় বাহরাইন, মিসর, ইরাক, ইসরায়েলসহ একাধিক দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল। নতুন করে উত্তেজনা বাড়ায় সেই সতর্কতা আরও জোরালো করা হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি