বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা হামলা, নিহত অন্তত ২৪
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় সেনা বহনকারী একটি ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় সেনা বহনকারী একটি ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি।
রোববার (২৪ মে) বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী 'বেলুচিস্তান লিবারেশন আর্মি' হামলার দায় স্বীকার করেছে।
বিস্ফোরণের তীব্রতায় রেললাইনের পাশের বেশ কিছু ঘরবাড়ি ও ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং পরে সেগুলোতে আগুন ধরে যায়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কোয়েটার সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুড়ে যাওয়া যানবাহন, কাত হয়ে থাকা ট্রেনের বগি এবং কালো ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ দেখা গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী হামলার সংখ্যা বেড়েছে। বিশেষ করে বেলুচিস্তানে চীনের অবকাঠামো প্রকল্পের বিরোধিতাকে কেন্দ্র করে চীনা শ্রমিক ও স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।
'চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর'-এর অধীনে চীনের জিনজিয়াং অঞ্চলকে পাকিস্তানের গোয়াদর বন্দরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, “সন্ত্রাসবাদের এই ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড পাকিস্তানের জনগণের মনোবল দুর্বল করতে পারবে না। সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূলে আমরা অটল।”
তথ্যসূত্র: আল জাজিরা