শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বে জরুরি অবস্থা, বন্ধ স্কুল, হাজারো ফ্লাইট বাতিল
শক্তিশালী শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ভারী তুষারপাত ও ঘণ্টায় ৭০ মাইল গতির দমকা হাওয়ার পূর্বাভাসে স্কুল বন্ধ, হাজারো ফ্লাইট বাতিল এবং একাধিক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
শক্তিশালী শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ভারী তুষারপাত ও ঘণ্টায় ৭০ মাইল গতির দমকা হাওয়ার পূর্বাভাসে স্কুল বন্ধ, হাজারো ফ্লাইট বাতিল এবং একাধিক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ওয়াশিংটন থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত পূর্ব উপকূলে ভ্রমণব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অফিস ও গণপরিবহন জরুরি সময়সূচিতে পরিচালিত হচ্ছে। আবহাওয়ার কারণে ডাক ও পার্সেল সরবরাহেও বিলম্ব হতে পারে বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস।
নিউইয়র্ক সিটিতে ঐতিহ্যগত ‘স্নো ডে’ ঘোষণা করে সব সরকারি স্কুল বন্ধ রাখা হয়েছে; অনলাইন ক্লাস ও স্কুল-পরবর্তী কার্যক্রমও বাতিল। শহরের মেয়র জোহরান মামদানি জরুরি অবস্থা ঘোষণা করে রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত অপ্রয়োজনীয় যানবাহন সড়কে না আনার নির্দেশ দিয়েছেন। তিনি বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়ে তুষার অপসারণ ও জরুরি সেবার জন্য সড়ক ফাঁকা রাখার অনুরোধ করেন। ২০১৭ সালের পর প্রথমবারের মতো শহরটিতে তুষারঝড়ের সতর্কতা জারি হয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানান জানান, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক সিটি ও লোয়ার হাডসন ভ্যালিতে সহায়তায় ১০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। ঝড়ের কারণে ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘ সদরদপ্তর কমপ্লেক্সও বন্ধ রাখা হয়েছে।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সতর্ক করেছে, কিছু এলাকায় দুই ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে, যা গাছ উপড়ে পড়া ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঝুঁকি বাড়াবে। অর্থায়ন ঘাটতি সত্ত্বেও দুর্যোগ-প্রতিক্রিয়া কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।
তথ্যসূত্র: রয়টার্স