ইসরায়েলের সঙ্গে ইইউ সহযোগিতা চুক্তি বাতিলের দাবি স্পেনের
ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে ইসরায়েল ইইউর অংশীদার থাকার যোগ্যতা হারিয়েছে।
ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে ইসরায়েল ইইউর অংশীদার থাকার যোগ্যতা হারিয়েছে।
আন্দালুসিয়ায় এক রাজনৈতিক সমাবেশে সানচেজ বলেন, আগামী মঙ্গলবার ইইউর কাছে একটি প্রস্তাব উত্থাপন করবে স্পেন, যেখানে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে সরে আসার আহ্বান জানানো হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকেই তেলআবিবের কঠোর সমালোচনা করে আসছে মাদ্রিদ। স্পেনের অভিযোগ, গাজা ও লেবাননে সামরিক পদক্ষেপে মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েল।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পেনের বিরুদ্ধে ‘ভণ্ডামি ও শত্রুতার’ অভিযোগ তোলেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাআরও সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেনের সমালোচনা করেন।
২০০০ সালে ইইউর সঙ্গে সহযোগিতা চুক্তিতে সই করে ইসরায়েল। চুক্তির শর্ত অনুযায়ী, মানবাধিকারের প্রতি সম্মান বজায় রাখা বাধ্যতামূলক। তবে গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে স্পেন ও আয়ারল্যান্ড আগেই চুক্তিটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল।
এদিকে, গাজার যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধসহ একাধিক পদক্ষেপ নিয়েছে স্পেন। যার মধ্যে আছে ইসরায়েলি সেনাদের ব্যবহারের জন্য তেল বহনকারী কোনো জাহাজকে স্পেনের বন্দরে ভিড়তে না দেওয়া, স্পেনের আকাশসীমা দিয়ে ইসরায়েলি সেনাদের জন্য অস্ত্র পরিবহন নিষিদ্ধ করা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাবে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের কাছ থেকে কোনো পণ্য আমদানি না করা।
আগামী ২১ এপ্রিল লুক্সেমবার্গে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেখানে বিষয়টি উত্থাপন করতে স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া ইতোমধ্যে ইউরোপীয় কমিশনকে চিঠি দিয়েছে।
তথ্যসূত্র: এএফপি