দুর্দিনে পাকিস্তানের পাশে সৌদি-কাতার, ৫ বিলিয়ন ডলারের সহায়তা
অর্থনৈতিক চাপে থাকা পাকিস্তানকে ৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিতে এগিয়ে এসেছে সৌদি আরব ও কাতার। দুর্বল বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ঋণচাপ সামাল দিতে এই সহায়তাকে বড় রক্ষাকবচ হিসেবে দেখছে ইসলামাবাদ।
অর্থনৈতিক চাপে থাকা পাকিস্তানকে ৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিতে এগিয়ে এসেছে সৌদি আরব ও কাতার। দুর্বল বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ঋণচাপ সামাল দিতে এই সহায়তাকে বড় রক্ষাকবচ হিসেবে দেখছে ইসলামাবাদ।
এমন সময় এই সহায়তার খবর এল, যখন অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব আইএমএফ-বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় যোগ দিতে ওয়াশিংটন ডিসি সফরে গেছেন।
প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাত-কে ৩.৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, যা রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি করছে। এই প্রেক্ষাপটে সৌদি আরব ও কাতারের সহায়তা পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, পাকিস্তান তেল আমদানির অর্থায়ন সুবিধা বাড়ানো ও নগদ আমানতের সীমা বৃদ্ধিসহ অতিরিক্ত সহায়তারও অনুরোধ জানিয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো চুক্তি ঘোষণা হয়নি, দুই দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা এগিয়েছে।
এর আগে ইসলামাবাদে সফর করে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান। এই সফরকে চলমান অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে দেখছে দুই দেশ।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের ভূমিকা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে হরমুজ প্রণালির গুরুত্ব আন্তর্জাতিক ঋণদাতাদের দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলছে।
এই সহায়তা বাস্তবায়িত হলে চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই গুরুত্বপূর্ণ ঋণ পরিশোধ ও অর্থনৈতিক চাপ সামাল দিতে পারবে পাকিস্তান—এমনটাই আশা সংশ্লিষ্টদের।
তথ্যসূত্র: এক্সপ্রস ট্রিবিউন