বেসরকারি ফলে সাড়ে ৩৭ হাজার ভোটের ব্যবধানে জয় রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বেসরকারি ফলে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন।

Feb 12, 2026 - 13:18
বেসরকারি ফলে  সাড়ে ৩৭ হাজার ভোটের ব্যবধানে জয় রুমিন ফারহানার
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বেসরকারি ফলে জয়ী রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বেসরকারি ফলে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন।

১৫১ কেন্দ্রের ফল অনুযায়ী রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক) পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বেসরকারিভাবে রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।

দিনভর বড় কোনো অঘটন ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়। একটি কেন্দ্রে দুই প্রার্থীর কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় পাঁচ মিনিট ভোট বন্ধ ছিল। প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন ঘিরে দুই স্থানে উত্তেজনা তৈরি হয়।

এ ছাড়া সরাইল উপজেলা সদরের কাচারিপাড়া এলাকায় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তন কেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম (৪৮) অজ্ঞান হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আসনটিতে নয়জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করেন আটজন। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা ভোটের চার দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান। মূল লড়াই হয় রুমিন ফারহানা ও মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে।

ডালাস বার্তা প্রতিবেদক