ট্রাম্প-সমর্থকদের ক্ষতিপূরণ তহবিল বাতিলে স্বস্তিতে রিপাবলিকানরা, তবে অনিশ্চয়তায় অভিবাসন বিল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের ক্ষতিপূরণ দিতে প্রস্তাবিত ১.৮ বিলিয়ন ডলারের বিতর্কিত তহবিল বাতিলের পর নতুন করে অবস্থান মূল্যায়ন করছেন সিনেটের রিপাবলিকানরা। তবে এ সিদ্ধান্ত অভিবাসন প্রয়োগকারী সংস্থাগুলোর অর্থায়নসংক্রান্ত বিল পাসের পথ কতটা সহজ করবে, তা এখনও স্পষ্ট নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের ক্ষতিপূরণ দিতে প্রস্তাবিত ১.৮ বিলিয়ন ডলারের বিতর্কিত তহবিল বাতিলের পর নতুন করে অবস্থান মূল্যায়ন করছেন সিনেটের রিপাবলিকানরা। তবে এ সিদ্ধান্ত অভিবাসন প্রয়োগকারী সংস্থাগুলোর অর্থায়নসংক্রান্ত বিল পাসের পথ কতটা সহজ করবে, তা এখনও স্পষ্ট নয়।
মঙ্গলবার রিপাবলিকান সিনেটররা বলেন, প্রশাসনের সিদ্ধান্ত তাদের উদ্বেগ দূর করেছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এদিকে ডেমোক্র্যাটরা বিষয়টিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর প্রস্তুতি নিয়েছে।
সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শ্যুমার বলেন, “আমরা এই তহবিলকে স্থায়ীভাবে সমাধিস্থ করতে চাই।”
বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল এমন একটি তহবিল, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের শিকার হওয়ার দাবি করা ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠনের পরিকল্পনা করা হয়েছিল। সমালোচকদের আশঙ্কা ছিল, এর অর্থের একটি অংশ ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলায় জড়িত ট্রাম্প সমর্থকদের কাছেও যেতে পারত।
মঙ্গলবার কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার সময় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, “আমরা এই তহবিল নিয়ে আর এগোচ্ছি না, একেবারেই না।”
অভিবাসন বিলের ভবিষ্যৎ অনিশ্চিত
বিতর্কের কারণে তিন বছরের জন্য অভিবাসন প্রয়োগকারী সংস্থাগুলোর অর্থায়নসংক্রান্ত একটি বিলও আটকে গেছে। বিলটিতে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং মার্কিন সীমান্ত রক্ষা বাহিনীর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব রয়েছে।
গত মে মাসে ডেমোক্র্যাটরা তহবিল বাতিল বা সীমিত করার সংশোধনী আনার ঘোষণা দিলে রিপাবলিকান নেতৃত্ব বিলটির ভোট স্থগিত করে।
সিনেটে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন বলেছেন, বিলটি এই সপ্তাহে ভোটে আসবে কি না, তা এখনও নিশ্চিত নয়। “বিষয়টি এখনও প্রক্রিয়াধীন,” বলেন তিনি।
ট্রাম্পের ঘোষণায় শুরু হয় বিতর্ক
বিতর্কের সূত্রপাত হয় ট্রাম্পের একটি মামলার নিষ্পত্তির অংশ হিসেবে ক্ষতিপূরণ তহবিল ঘোষণার পর। মার্কিন কর কর্তৃপক্ষের কাছে থাকা তাঁর কর-সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগে করা মামলার সমঝোতা থেকেই এ তহবিলের ধারণা আসে।
রিপাবলিকানদের একাংশ শুরু থেকেই এর বিরোধিতা করে। তারা তহবিলের সুবিধাভোগী সীমিত করা, তদারকি কাঠামো পরিবর্তন অথবা পুরো পরিকল্পনা বাতিলের প্রস্তাব দেয়।
টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ সম্প্রতি বলেন, বিষয়টি নিয়ে সিনেটরদের সঙ্গে ব্ল্যাঞ্চের বৈঠক ছিল “সিনেটে আমার দেখা সবচেয়ে কঠিন বৈঠকগুলোর একটি।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের পিছু হটার সিদ্ধান্তে আপাতত রিপাবলিকানদের চাপ কমেছে। তবে অভিবাসন বিলের ভাগ্য এবং দলটির অভ্যন্তরীণ বিভাজন কতটা কাটবে, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: এপি