এসিএ ভর্তুকি ছাড়াই রিপাবলিকান স্বাস্থ্য বিল পাস, সিনেটে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের প্রস্তাবিত একটি স্বাস্থ্যসেবা বিল পাস হয়েছে, যেখানে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (এসিএ)–এর মেয়াদোত্তীর্ণ ভর্তুকি বাড়ানোর কোনো বিধান রাখা হয়নি। বুধবার ২১৬–২১১ ভোটে বিলটি অনুমোদন পেয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের প্রস্তাবিত একটি স্বাস্থ্যসেবা বিল পাস হয়েছে, যেখানে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (এসিএ)–এর মেয়াদোত্তীর্ণ ভর্তুকি বাড়ানোর কোনো বিধান রাখা হয়নি। বুধবার ২১৬–২১১ ভোটে বিলটি অনুমোদন পেয়েছে।
ভোটাভুটিতে চারজন মধ্যপন্থী রিপাবলিকান শেষ পর্যন্ত দলের পক্ষে ভোট দেন। কেবল রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি বিলটির বিপক্ষে অবস্থান নেন। এখন বিলটি সিনেটে যাচ্ছে, তবে সেখানে পাস হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
এসিএ ভর্তুকি বাড়ানো না হলে আসন্ন ছুটির মৌসুমের পর লাখো মার্কিন নাগরিকের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে।
এর আগে একই দিনে হাউস স্পিকার মাইক জনসন দাবি করেন, তিনি প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাননি। মধ্যপন্থী কয়েকজন রিপাবলিকান ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে এসিএ ভর্তুকি তিন বছর বাড়ানোর দাবিতে যে উদ্যোগ নিয়েছেন, সে প্রসঙ্গে তিনি বলেন, খুব কম ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
ডেমোক্র্যাটদের উদ্যোগে আনা এসিএ ভর্তুকি সম্প্রসারণ প্রস্তাব আগামী জানুয়ারির আগে ভোটে আসার সম্ভাবনা নেই। অন্যদিকে সিনেট আগেই এ ধরনের একটি প্রস্তাব নাকচ করেছে, যদিও কয়েকজন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছিলেন।
সব মিলিয়ে, স্বাস্থ্যসেবা ভর্তুকি ইস্যুতে কংগ্রেসে অচলাবস্থা কাটবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
তথ্যসূত্র: এবিসি নিউজ