দেশ যেন ফ্যাসিবাদী ব্যবস্থায় আর না ফেরে, সে জন্যই গণভোট: আলী রীয়াজ
বাংলাদেশ যেন আর ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে না যায়, সে লক্ষ্যেই আসন্ন গণভোট—এ কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ। বুধবার গণভোট বিষয়ে দিকনির্দেশনা দিতে কৃষি বিভাগের প্রায় ১৭ হাজার কর্মকর্তা ও মাঠকর্মীর জন্য আয়োজিত এক ভার্চ্যুয়াল সভায় তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন, ভবিষ্যতের বাংলাদেশ কীভাবে চলবে, তা নির্ধারণের এই সুযোগ আগামী পাঁচ বা দশ বছরে আর নাও আসতে পারে। তাই সবাইকে একসঙ্গে কাজ করে এই সুযোগ কাজে লাগাতে হবে। গণভোট–সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বলেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থান ও গত ১৬ বছরের সংগ্রামে হাজারো মানুষের আত্মত্যাগের দায় থেকেই এমন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে দেশ আর আগের অবস্থায় না ফিরে যায়।
কৃষি বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে তিনি গণভোটকে মানুষের কাছে সহজ ভাষায় তুলে ধরার আহ্বান জানান। বিষয়টি সহজবোধ্য করতে ‘হ্যাঁ–না’ ভোট হিসেবে গণভোট উপস্থাপনের পাশাপাশি এর ফলে কী পরিবর্তন আসবে, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করার নির্দেশনা দেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বড় ধরনের শাসন ও সাংবিধানিক সংস্কার জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি জানান, গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যানার-লিফলেট বিতরণ, সভা-সমাবেশ এবং কৃষি বিভাগের ২৪/৭ হটলাইন সার্ভিস ব্যবহার করা হবে।
ডালাস বার্তা প্রতিবেদক