এভারেস্টে ছয় দিন নিখোঁজ থাকা নেপালি গাইডের বেঁচে ফেরা
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট-এ টানা ছয় দিন নিখোঁজ থাকার পর অলৌকিকভাবে জীবিত ফিরে এসেছেন এক নেপালি পর্বতারোহী গাইড। দীর্ঘ সময় কোনো সন্ধান না মেলায় তাকে মৃত বলেই ধরে নিয়েছিলেন স্বজন ও সহকর্মীরা। তবে সবাইকে অবাক করে দিয়ে বৃহস্পতিবার (৪ জুন) তিনি হামাগুড়ি দিয়ে বেস ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে উদ্ধারকর্মীরা তাকে খুঁজে পান।

উদ্ধার হওয়া ওই গাইডের নাম দাওয়া শেরপা। ৫০ বছর বয়সী এই অভিজ্ঞ পর্বতারোহী পর্বতারোহণ মহলে ‘হিলারি’ নামেও পরিচিত। গত শনিবার (৩০ মে) এভারেস্টের উঁচু অংশে বৈরী আবহাওয়ার মধ্যে তিনি নিখোঁজ হন। এরপর কয়েকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
বর্তমানে তিনি কাঠমান্ডু-র একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে তীব্র ঠান্ডাজনিত আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
দাওয়া শেরপার স্ত্রী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, স্বামীর ফিরে আসার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি। এমনকি তার আত্মার শান্তি কামনায় প্রার্থনাও শুরু করেছিলেন।
বৃহস্পতিবার সকালে সাগরমাতা পলিউশন কন্ট্রোল কমিটি (এসপিসিসি)-র একটি দল তাকে এভারেস্ট বেস ক্যাম্পের খুব কাছাকাছি অবস্থায় খুঁজে পায়। দলটি মূলত পর্বতারোহীদের জন্য রুট প্রস্তুত করা এবং পর্বতে জমে থাকা বর্জ্য পরিষ্কারের দায়িত্ব পালন করে।
উদ্ধার অভিযানের তদারকিতে থাকা পেম্বা শেরপা বলেন, “তিনি হামাগুড়ি দিয়ে নিচে নামছিলেন।”
পরে দ্রুত একটি হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্ট্রেচারে করে হাসপাতালে ভর্তি করা হয়।
পর্বতারোহণ সংশ্লিষ্টরা বলছেন, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের প্রতিকূল পরিবেশে টানা ছয় দিন টিকে থাকা এবং এরপর জীবিত ফিরে আসা অত্যন্ত বিরল ঘটনা। দাওয়া শেরপার এই ফিরে আসাকে তারা এক অবিশ্বাস্য বেঁচে ফেরার গল্প হিসেবে দেখছেন।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট