ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত মৌলভীবাজারের যুবক
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় মৌলভীবাজারের এক যুবক নিহত হয়েছেন। দালালের প্রলোভনে রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে প্রাণ হারান মুহিবুর রহমান (২৭) নামের ওই যুবক।
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় মৌলভীবাজারের এক যুবক নিহত হয়েছেন। দালালের প্রলোভনে রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে প্রাণ হারান মুহিবুর রহমান (২৭) নামের ওই যুবক।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাশিয়ায় তার মৃত্যু হলেও সোমবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত হয়। মুহিবুর মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা মসুদ মিয়ার ছেলে। তিনি রাশিয়ায় বিভিন্ন বাংকারে সেনাদের জন্য রান্নার কাজ করতেন।
পরিবার জানায়, কয়েক বছর আগে উচ্চশিক্ষার উদ্দেশ্যে রাশিয়ায় যান মুহিবুর। সেখানে আড়াই বছর পড়াশোনার পর দেশে ফিরে আবার রাশিয়ায় চলে যান। পরে তিনি পরিবারের সদস্যদের জানান, রাশিয়ার সেনাবাহিনীর রান্নার কাজে যুক্ত আছেন। সবশেষ গত বছর দেশে এসে বিয়ে করে পুনরায় রাশিয়ায় যান।
মুহিবুরের ছোট ভাই হাবিবুর রহমান বলেন, দুই বছর আগে দালালরা তাকে মোটা বেতন ও যুদ্ধ শেষে নাগরিকত্বের প্রলোভন দেখায়। পরিবারের অজান্তেই তিনি যুদ্ধে জড়িয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, গত সপ্তাহে একটি বাংকারে অবস্থানকালে ইউক্রেনের ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই নিহত হন মুহিবুর। রাশিয়ায় থাকা সহকর্মী মেহেদী হাসান প্রথমে তাদের পরিবারকে এ খবর জানান। পরিবারের পক্ষ থেকে নিহতের লাশ রাশিয়া থেকে দেশে নিয়ে আসার দাবি জানানো হয়েছে।
ডালাস বার্তা ডেস্ক