ডেমোক্র্যাট আইনপ্রণেতার বিরুদ্ধে কাশ প্যাটেলের তৎপরতা, এফবিআই’র ভেতরে উদ্বেগ

কাশ প্যাটেলের উদ্যোগে এক ডেমোক্র্যাট আইনপ্রণেতাকে ঘিরে পুরনো তদন্ত নথি প্রকাশের প্রচেষ্টা এফবিআইয়ের ভেতরে উদ্বেগ তৈরি করেছে বলে জানা গেছে।

Mar 28, 2026 - 13:43
ডেমোক্র্যাট আইনপ্রণেতার বিরুদ্ধে কাশ প্যাটেলের তৎপরতা, এফবিআই’র ভেতরে উদ্বেগ
এফবিআই পরিচালক কাশ প্যাটেল। ছবি: ব্লুমবার্গ

কাশ প্যাটেলের উদ্যোগে এক ডেমোক্র্যাট আইনপ্রণেতাকে ঘিরে পুরনো তদন্ত নথি প্রকাশের প্রচেষ্টা এফবিআইয়ের ভেতরে উদ্বেগ তৈরি করেছে বলে জানা গেছে।

এফবিআইর পরিচালক হিসেবে প্যাটেল ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলকে নিয়ে প্রায় এক দশক পুরনো একটি তদন্ত ফাইল প্রকাশের জন্য চাপ দিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সান ফ্রান্সিসকো অফিসের এজেন্টদের দ্রুত নথি সম্পাদনা (রেড্যাক্ট) করে অনলাইনে প্রকাশের প্রস্তুতি নিতে বলা হয়েছে, যদিও সোয়ালওয়েলের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।

এই পদক্ষেপটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমালোচক সোয়ালওয়েলকে ঘিরে চলমান রাজনৈতিক চাপের অংশ বলেই মনে করা হচ্ছে। সাধারণত যেসব তদন্তে অভিযোগ গঠন হয়নি, সেসব মামলার ফাইল প্রকাশ করা এফবিআইয়ের জন্য অত্যন্ত অস্বাভাবিক।

সূত্রগুলো জানায়, প্যাটেল এ বিষয়ে ফৌজদারি মামলা গঠনের চেষ্টা করছেন এবং এজন্য একাধিক এজেন্টকে পুনরায় নিয়োজিত করা হয়েছে। এমনকি সংশ্লিষ্ট সন্দেহভাজন গোয়েন্দা এজেন্ট চীনা এক নারীর সঙ্গে কথা বলতে এজেন্টদের চীনে পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। তাদের বিশ্বাস, চীনের ওই নারীর কাছে সোয়ালওয়েল সম্পর্কে ক্ষতিকর তথ্য থাকতে পারে।

চীনা সেই নারী ক্রিস্টিন ফ্যাং (ফ্যাং ফ্যাং নামেও পরিচিত) ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে সোয়ালওয়েলসহ ক্যালিফোর্নিয়ার কয়েকজন রাজনীতিকের সঙ্গে যোগাযোগ রাখতেন। ২০১৫ সালে ফেডারেল এজেন্টরা সতর্ক করার পর সোয়ালওয়েল তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং তদন্তে সহায়তা করেন বলে জানা যায়।

তদন্তের সময় বা পরবর্তীতে সোয়ালওয়েলের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ আনা হয়নি। ২০২৩ সালে রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস এথিকস কমিটিও দুই বছরের অনুসন্ধান শেষে তাঁর বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেয়নি।

তবে সাম্প্রতিক আলোচনায় ওই নারীকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়ার বিনিময়ে তথ্য আদায়ের প্রস্তাবও বিবেচনায় এসেছে বলে সূত্রগুলো জানিয়েছে—যা আইন বিশেষজ্ঞদের মতে অত্যন্ত অস্বাভাবিক।

এফবিআইয়ের এক মুখপাত্র এ অভিযোগ অস্বীকার করে বলেন, বিভিন্ন কারণে নথি প্রস্তুত ও শেয়ার করা হয়ে থাকে এবং এতে কোনো অনিয়ম নেই।

অভ্যন্তরীণভাবে অনেক কর্মকর্তা আশঙ্কা করছেন, এই নথি প্রকাশ পেলে আইন প্রয়োগকারী সংস্থার গোপন সূত্র ও তদন্ত পদ্ধতি ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি ভবিষ্যতে সাক্ষীদের আস্থা কমে যেতে পারে।

এ বিষয়ে সোয়ালওয়েল বলেন, ‘দেশ নিরাপত্তা হুমকির মুখে থাকা অবস্থায় রাজনৈতিক উদ্দেশ্যে সময় নষ্ট না করে জনগণের নিরাপত্তায় মনোযোগ দেওয়া উচিত।’

২০২৬ সালের ক্যালিফোর্নিয়া গভর্নর নির্বাচনে সোয়ালওয়েল সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। এমন প্রেক্ষাপটে তদন্ত-সংক্রান্ত পদক্ষেপ নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে, যদিও বিচার বিভাগ সাধারণত নির্বাচনের ৬০ দিনের মধ্যে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার নীতি অনুসরণ করে।

বিশ্লেষকদের মতে, প্রমাণ ছাড়াই কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে পুরনো তদন্ত ফাইল প্রকাশের উদ্যোগ যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে পারে।

তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট