তিন ফ্রন্ট থেকে ইসরায়েলে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
ইরান, ইয়েমেন ও লেবানন—তিন দিক থেকে একযোগে ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত হয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় দুই ঘণ্টার কম সময়ের ব্যবধানে তিন দফায় হামলায় জেরুজালেম, তেল আবিবসহ আশপাশের এলাকা ও মৃত সাগর অঞ্চলে সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, ইরানি হামলার পর তেল আবিবের আশপাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়নি।
দেশটির গণমাধ্যম ‘ইয়েদিওথ আহরোনোথ’ জানিয়েছে, একটি ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবের কাছের পেতাহ তিকভা শহরে সরাসরি আঘাত হানে। এতে কয়েকটি ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার স্থান, ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও ক্ষয়ক্ষতি নিয়ে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, আঞ্চলিক সংঘাতে যোগ দেওয়ার পর এটি তাদের চতুর্থ অভিযান। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তেল আবিব (জাফা) অঞ্চলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সমন্বয়ে পরিচালিত।
অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ৫৫টি হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্ত সংঘর্ষে দুই সেনাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর