জামায়াতের সঙ্গে টানাপোড়েনে ইসলামী আন্দোলনের নতুন জোটের ইঙ্গিত
জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে জটিলতার মধ্যে নতুন জোট গঠনের ইঙ্গিত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি বদলাতে পারে।

বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, যাঁদের প্রতি ইসলামী আন্দোলনের প্রতি শ্রদ্ধা রয়েছে—তাঁদের সঙ্গে আলোচনা চলছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন জোটে অংশ নেওয়ার কথা থাকলেও আসন বণ্টন নিয়ে মতৈক্য না হওয়ায় বুধবার জোটের প্রার্থী ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।
দলীয় সূত্র জানায়, ইসলামী আন্দোলন ৫০টি আসন চাইছে, আর জামায়াত ৪০টির বেশি আসন ছাড়তে রাজি নয়—এ কারণেই সমঝোতা আটকে আছে। গাজী আতাউর বলেন, গত মঙ্গলবার পর্যন্ত বিষয়টি মীমাংসা হয়নি। পরিস্থিতি পর্যালোচনায় মজলিসে আমেলার বৈঠক হয়েছে এবং দু–এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও বলেন, জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ইসলামী আন্দোলনের মধ্যে সংশয় তৈরি করেছে। তবে জামায়াতের সঙ্গে সমঝোতার পথ এখনো বন্ধ হয়নি। একই সঙ্গে বিএনপির সঙ্গে নতুন করে আলোচনার বিষয়টি নাকচ করেন তিনি।
এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তও এখনো হয়নি জানিয়ে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, একাধিক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ডালাস বার্তা প্রতিবেদক