যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখলেও আপস না করার ঘোষণা ইরানের
চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবগুলো পর্যালোচনা শুরু করেছে ইরান। তবে কূটনৈতিক তৎপরতার এই পর্যায়েও কোনো ধরনের ছাড় না দেওয়ার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান।
চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবগুলো পর্যালোচনা শুরু করেছে ইরান। তবে কূটনৈতিক তৎপরতার এই পর্যায়েও কোনো ধরনের ছাড় না দেওয়ার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক দিনে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নতুন প্রস্তাব এসেছে। এসব প্রস্তাব বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে, তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দেশটি।
বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান বর্তমানে তেহরানে অবস্থান করছেন এবং তিনি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন। পাশাপাশি পাকিস্তান, মিসর ও তুরস্ক পর্দার আড়ালে এই ইস্যুতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তবে আলোচনার দরজা খোলা থাকলেও নিজেদের অবস্থানে অনড় থাকার বার্তা স্পষ্ট করেছে ইরান। নিরাপত্তা কাউন্সিল জানায়, তাদের আলোচনাকারী দল কোনো ধরনের আপস, পিছু হটা বা নমনীয়তা দেখাবে না।
ইরানি প্রতিনিধি দল দেশের স্বার্থ রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি কঠোর অবস্থান ঘোষণা মূলত আলোচনায় দর–কষাকষির কৌশল হতে পারে।
পাকিস্তানের মধ্যস্থতা শেষ পর্যন্ত কোনো কার্যকর সমঝোতার পথ খুলে দিতে পারে কি না-সবার নজর এখন সেদিকেই।
তথ্যসূত্র: আল জাজিরা