অ্যাবটের তহবিল বন্ধের হুমকির পর গ্র্যান্ড প্রেইরির ওয়াটার পার্কে ঈদ আয়োজন বাতিল
গ্র্যান্ড প্রেইরির এপিক ওয়াটার্স ইনডোর ওয়াটার পার্কে মুসলিম সম্প্রদায়ের ঈদুল আজহা উদযাপন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট শহরের অর্থায়ন বন্ধের হুমকি দেওয়ার পর এসেছে এই সিদ্ধান্ত।
গ্র্যান্ড প্রেইরির এপিক ওয়াটার্স ইনডোর ওয়াটার পার্কে মুসলিম সম্প্রদায়ের ঈদুল আজহা উদযাপন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট শহরের অর্থায়ন বন্ধের হুমকি দেওয়ার পর এসেছে এই সিদ্ধান্ত।
‘ডিএফডব্লিউ এপিক ঈদ’ নামে অনুষ্ঠানটি আগামী ১ জুন হওয়ার কথা ছিল। আয়োজকেরা এটিকে মুসলিম পরিবারগুলোর জন্য ‘সৌহার্দ্যপূর্ণ ও শালীন পরিবেশে’ ঈদ উদযাপনের আয়োজন হিসেবে প্রচার করেছিলেন।
গ্র্যান্ড প্রেইরি সিটি কর্তৃপক্ষ বুধবার এক বিবৃতিতে জানায়, ‘অনেক পর্যালোচনার পর এবং শহরের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় ১ জুনের ঈদ অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।’
এর আগে গভর্নর অ্যাবটের কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, অনুষ্ঠানটি প্রথমে ‘শুধুমাত্র মুসলমানদের’ বলে প্রচার করা হয়েছিল। চিঠিতে সতর্ক করা হয়, অনুষ্ঠান চালু থাকলে শহরের জন্য নির্ধারিত ৫ লাখ ৩০ হাজার ডলারের জননিরাপত্তা অনুদান প্রত্যাহার করা হতে পারে।
চিঠিতে আরও বলা হয়, ‘‘সিটি-মালিকানাধীন কোনো স্থানে ‘শুধু শ্বেতাঙ্গদের জন্য’ অনুষ্ঠান যেমন সাংবিধানিক প্রশ্ন তুলত, তেমনি ধর্মভিত্তিক সীমাবদ্ধতাও বৈষম্যমূলক হতে পারে।”
অনুষ্ঠানের আয়োজক ডা. আমিনা নাইট বলেন, তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ব্যক্তিগত আয়োজন করতে চেয়েছিলেন। তবে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি হুমকি ও বিদ্বেষমূলক বার্তা পেতে শুরু করেন।
তিনি বলেন, ‘মানুষ আমাকে ফোন করে আমেরিকা ছেড়ে চলে যেতে বলেছে। অথচ আমি শুধু একটি ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন করছিলাম।’ নাইটের দাবি, ‘শুধুমাত্র মুসলমানদের’ শব্দ ধর্মীয় উদযাপন ও শালীন পোশাকবিধি বোঝাতেই ব্যবহার করা হয়েছিল। পরে বিজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়, অন্য ধর্মের মানুষও চাইলে অংশ নিতে পারবেন, যদি তারা নির্ধারিত পোশাকবিধি মেনে চলেন।
অনুষ্ঠানের ওয়েবসাইটে উল্লেখ ছিল, নারীদের জন্য ‘বুরকিনি’ এবং পুরুষদের জন্য শার্টসহ সুইম ট্রাঙ্ক পরা বাধ্যতামূলক। গত বছর একই আয়োজনেও ৬০০-র বেশি মানুষ অংশ নিয়েছিলেন বলে জানানো হয়।
আমেরিকার অন্যতম প্রধান নাগরিক অধিকার সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালারড পিপল (এনএএসিপি), গ্র্যান্ড প্রেইরির প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা লাকি-ভন বলেন, বিজ্ঞাপন সংশোধনের পর আয়োজকদের অন্য সংগঠনের মতোই সমান আচরণ পাওয়া উচিত ছিল।
এদিকে অনুষ্ঠান বাতিলের পর এক বিবৃতিতে ড. নাইট বলেন, ‘আমি মুসলিম এবং আমেরিকান— দুটো পরিচয় নিয়েই গর্বিত। ভয় ও ভুল বোঝাবুঝি যদি বৈষম্যে রূপ নেয়, সেটি সমাজের জন্য বিপজ্জনক।’
তিনি জানান, আগামী ৪ জুলাই বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে ‘দ্য গ্রেট আমেরিকান কুকআউট’ নামে একটি আন্তধর্মীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন, যাতে ভিন্ন সম্প্রদায়ের মানুষ একে অপরকে আরও ভালোভাবে জানতে পারেন।
তথ্যসূত্র: ফক্স ফোর