ফ্লোরিডায় নতুন নির্বাচনী মানচিত্র অনুমোদন, ৪ আসন বাড়তে পারে রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে কংগ্রেসনাল জেলার নতুন মানচিত্র অনুমোদন দিয়েছে রাজ্য আইনসভা, যা রিপাবলিকানদের জন্য বাড়তি চারটি আসন এনে দিতে পারে। গভর্নর রন ডিস্যান্টিস এতে স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে কংগ্রেসনাল জেলার নতুন মানচিত্র অনুমোদন দিয়েছে রাজ্য আইনসভা, যা রিপাবলিকানদের জন্য বাড়তি চারটি আসন এনে দিতে পারে। গভর্নর রন ডিস্যান্টিস এতে স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।
বুধবার চূড়ান্ত অনুমোদন পাওয়া এই মানচিত্র আসন্ন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখার সম্ভাবনা জোরদার করতে পারে।
১৯৬৫ সালের ‘ভোটিং রাইটস অ্যাক্ট’-এর কার্যকারিতা আংশিক দুর্বল করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি বহুল প্রত্যাশিত রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত আসে। গত কয়েক মাস ধরে এমন রায়ের পূর্বাভাস দিয়ে আসছিলেন ডিস্যান্টিস, এবং রাজ্য আইনপ্রণেতাদের সীমিত আগ্রহ থাকা সত্ত্বেও সেটিকেই মানচিত্র পুনর্নির্ধারণের প্রধান যুক্তি হিসেবে ব্যবহার করেন তিনি।
নতুন মানচিত্রে ট্যাম্পা, অরল্যান্ডো এবং ফোর্ট লডারডেল এলাকার দুটি সহ ডেমোক্র্যাটদের দখলে থাকা চারটি আসন বিলুপ্ত হতে পারে। এতে ডেমোক্র্যাটদের অনুকূলে থাকা আসনের সংখ্যা কার্যত অর্ধেকে নেমে আসবে। বর্তমানে ফ্লোরিডার ২৮টি কংগ্রেসনাল জেলার মধ্যে সাতটি ডেমোক্র্যাটদের দখলে রয়েছে; সম্প্রতি একজন সদস্য পদত্যাগ করেছেন।
ডেমোক্র্যাটরা এই পুনর্বিন্যাসকে রাজনৈতিক ক্ষমতা দখলের কৌশল হিসেবে সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, এটি ডোনাল্ড ট্রাম্পের দলীয় স্বার্থ রক্ষার অংশ, বিশেষ করে নির্বাচনের আগে তাঁর জনপ্রিয়তা কমতে থাকায়।
অন্যদিকে, কয়েকটি ভোটাধিকার সংগঠন জানিয়েছে, গভর্নরের স্বাক্ষরের পর তারা এই মানচিত্র আদালতে চ্যালেঞ্জ করবে। তাদের দাবি, ফ্লোরিডার সংবিধানে দলীয় সুবিধার জন্য নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ (জেরিম্যান্ডারিং) কার্যত নিষিদ্ধ—যা এই নতুন মানচিত্রে লঙ্ঘিত হয়েছে।
তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস