গবাদিপশুর শরীরে মাংসখেকো মাছি, টেক্সাসে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গরুর বাছুরের শরীরে মাংসখেকো পরজীবী মাছির সংক্রমণ শনাক্ত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় অঙ্গরাজ্যে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। একই সঙ্গে টেক্সাস থেকে আসা কিছু গবাদিপশুর প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গরুর বাছুরের শরীরে মাংসখেকো পরজীবী মাছির সংক্রমণ শনাক্ত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় অঙ্গরাজ্যে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। একই সঙ্গে টেক্সাস থেকে আসা কিছু গবাদিপশুর প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা।
কানাডার খাদ্য পরিদর্শক সংস্থা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২১ দিনের মধ্যে কোনো সময় টেক্সাসে অবস্থান করেছে—এমন গরু ও ঘোড়াকে আপাতত সীমান্ত দিয়ে কানাডায় প্রবেশ করতে দেওয়া হবে না।
গবাদিপশু উৎপাদনের দিক থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ অঙ্গরাজ্য টেক্সাস। দেশটির কৃষি বিভাগ জানিয়েছে, সেখানে দ্বিতীয় একটি গরুর বাছুরের শরীরেও একই পরজীবীর উপস্থিতি পাওয়া গেছে। এ অবস্থাকে ‘আসন্ন হুমকি’ হিসেবে আখ্যা দিয়ে শুক্রবার দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেন গভর্নর অ্যাবট।
সাংবাদিকদের তিনি বলেন, গ্রীষ্মকালজুড়ে এ সংক্রমণ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
উদ্বেগের কেন্দ্রবিন্দুতে থাকা পরজীবীটির নাম ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’। এটি এক ধরনের পরজীবী মাছি, যার স্ত্রী মাছি উষ্ণ রক্তের প্রাণী ও মানুষের শরীরের ক্ষতস্থান কিংবা মিউকাস মেমব্রেনে ডিম পাড়ে। ডিম ফুটে বের হওয়া লার্ভাগুলো জীবন্ত মাংসের ভেতরে প্রবেশ করে খেতে থাকে। সময়মতো চিকিৎসা না হলে আক্রান্ত প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, টেক্সাসে গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো এ পরজীবীর সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রথম ঘটনাটি ধরা পড়ে তিন সপ্তাহ বয়সী একটি বাছুরের নাভির ক্ষতস্থানে। মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ৩০ মাইল দূরের লা প্রিয়র এলাকায় ওই সংক্রমণ শনাক্ত করা হয়।
এরপর শুক্রবার আরও একটি আক্রান্ত বাছুরের সন্ধান পাওয়া যায়। এক মাস বয়সী ওই বাছুরটি জাভালা কাউন্টিতে ছিল, যা প্রথম সংক্রমণ শনাক্ত হওয়া স্থান থেকে মাত্র ৫ দশমিক ৬ মাইল দূরে। কৃষি বিভাগ জানিয়েছে, সন্দেহভাজন একাধিক নমুনা পরীক্ষার সময় নতুন এ সংক্রমণের তথ্য পাওয়া গেছে।
প্রথম ঘটনার পর আক্রান্ত এলাকার চারপাশে ২০ কিলোমিটার ব্যাসার্ধের একটি নিয়ন্ত্রণ অঞ্চল গঠন করা হয়েছে। সেখানে পশু চলাচলের ওপর কড়াকড়ি, নিবিড় নজরদারি এবং সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কর্মকর্তারা মনে করছেন, টেক্সাসের ঘটনাগুলো মধ্য আমেরিকা ও মেক্সিকোতে চলমান নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্মের প্রাদুর্ভাবেরই অংশ। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কৃষি ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ওই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছিল।
দুর্যোগ ঘোষণা সংক্রান্ত আদেশে গভর্নর অ্যাবট বলেছেন, এই মাংসখেকো পরজীবীর উপস্থিতি টেক্সাসের কৃষি ও প্রাণিসম্পদ খাতের জন্য বড় ধরনের হুমকি। সংক্রমণ বিস্তার রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে কানাডার খাদ্য পরিদর্শক সংস্থা জানিয়েছে, দেশটির তুলনামূলক ঠান্ডা আবহাওয়ার কারণে সেখানে এ পরজীবী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। কারণ স্ক্রুওয়ার্ম সাধারণত উষ্ণ ও আর্দ্র পরিবেশে বেশি বিস্তার লাভ করে। তবু কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে গবাদিপশুর শরীরে ক্ষত, পুঁজ বা দুর্গন্ধযুক্ত সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স