ডালাস সিটি হল মেরামত পরিকল্পনা নাকচ, বিকল্প স্থান খোঁজার নির্দেশ
ডালাস সিটি কাউন্সিল বর্তমান সিটি হল ভবনের প্রস্তাবিত মেরামত পরিকল্পনা এগিয়ে না নিয়ে ভবন স্থানান্তর, বিক্রি বা পুনর্উন্নয়নের বিকল্প খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
ডালাস সিটি কাউন্সিল বর্তমান সিটি হল ভবনের প্রস্তাবিত মেরামত পরিকল্পনা এগিয়ে না নিয়ে ভবন স্থানান্তর, বিক্রি বা পুনর্উন্নয়নের বিকল্প খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার রাতে দীর্ঘ জনশুনানি ও বিতর্কের পর ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কাউন্সিল সদস্য চ্যাড ওয়েস্ট প্রস্তাবটি উত্থাপন করেন। এতে সিটি ম্যানেজার কিমবার্লি টলবার্টকে ১৫০০ মারিলা স্ট্রিটে অবস্থিত বর্তমান সিটি হল ভবন এবং জরুরি যোগাযোগ কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে সম্ভাব্য বিকল্পগুলো মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটের আগে সিটি হল ইস্যুতে কিছু সিদ্ধান্তের ওপর রাজ্য আদালতের এক বিচারক অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এরপরও কাউন্সিল সদস্যরা মেরামত পরিকল্পনা এগিয়ে না নিয়ে স্থানান্তর ও পুনর্উন্নয়নের সম্ভাবনা যাচাই করার পক্ষে ভোট দেন।
প্রস্তাবের বিপক্ষে ভোট দেন লরা কাদেনা, অ্যাডাম বাজালদুয়া, পলা ব্ল্যাকমন, বিল রথ, কারা মেন্ডেলসোন ও পল রিডলি।
বর্তমান সিটি হল ভবন মেরামতে বিপুল ব্যয় হতে পারে বলে আগেই আলোচনা উঠেছিল। সমর্থকেরা বলছেন, স্থানান্তর বা পুনর্উন্নয়নের মাধ্যমে শহর দীর্ঘমেয়াদে খরচ কমাতে পারে। তবে সমালোচকেরা বলছেন, বিকল্প পরিকল্পনার পূর্ণ ব্যয় ও বাস্তবতা এখনো স্পষ্ট নয়।
সিটি ম্যানেজারকে সম্ভাব্য স্থান, খরচ ও পুনর্উন্নয়ন বিকল্প নিয়ে আগামী ২৬ আগস্টের মধ্যে কাউন্সিলের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সূত্র: ডালাস এক্সপ্রেস