চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ, আটক ৩
টাঙ্গাইল সদরে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
টাঙ্গাইল সদরে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে সাভার পরিবহনের একটি বাসসহ তাদের আটক করা হয় বলে জানিয়েছেন এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ। আটক ব্যক্তিরা হলেন—বাসচালক মো. আলতাফ (২৫), তাঁর সহকারী মো. সাগর (২৪) এবং মো. রাব্বি (২১)।
ভুক্তভোগী নারী বর্তমানে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি কলেজের ২৬ বছর বয়সী ছাত্রী ঢাকার রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশে সাভার পরিবহনের ওই বাসে ওঠেন। তখন বাসে আরও দুজন যাত্রী ছিলেন। পথে তারা নেমে গেলে ছাত্রীকে বাসে আটকে রাখা হয়।
ওসি মো. শরীফ বলেন, এরপর ওই ছাত্রীর কাছ থেকে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। বাসটি বিভিন্ন এলাকায় ঘুরিয়ে তাঁকে রাতভর ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে করটিয়া আন্ডারপাস এলাকায় ঢাকাগামী পথে সন্দেহজনকভাবে বাসটি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ তল্লাশি চালায়। এ সময় বাসের ভেতর থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে চালক ও দুই সহকারীকে আটক করা হয়।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডালাস বার্তা প্রতিবেদক