পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ, রূপপুরে ফুয়েল লোডিং শুরু
বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথম ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিং শুরু হওয়ায় বিশ্বে ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় নাম লেখাল বাংলাদেশ।
বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথম ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিং শুরু হওয়ায় বিশ্বে ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় নাম লেখাল বাংলাদেশ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে আরও কিছুটা সময় লাগবে। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের শুরুতে গ্রিড সংযোগ সম্ভব হতে পারে। প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট থেকে আগামী বছরের আগস্টে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই জাতীয় গ্রিডে প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে।
ফুয়েল লোডিং শুরুর এ পর্যায়কে ঐতিহাসিক উল্লেখ করে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বলেন, এর মাধ্যমে বাংলাদেশ শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের কাতারে যোগ দিল। তিনি আশা প্রকাশ করেন, রূপপুর প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর তীরে নির্মিত এই প্রকল্পের প্রথম ইউনিটের কাজ শুরু হয় ২০১৭ সালের ৩০ নভেম্বর এবং দ্বিতীয় ইউনিটের নির্মাণ শুরু হয় ২০১৮ সালের ১৪ জুলাই। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের মোট উৎপাদনের প্রায় ১২ শতাংশ যোগান দেবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতা অর্জনের লক্ষ্য রয়েছে। এছাড়া দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং চলতি বছরের শেষ নাগাদ শুরু হওয়ার কথা।
প্রাথমিকভাবে কেন্দ্রটির অর্থনৈতিক আয়ুষ্কাল ধরা হয়েছে ৬০ বছর, যা পরবর্তীতে আরও ২০ থেকে ৩০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। উল্লেখ্য, গত বছরের আগস্টে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) রূপপুর প্রকল্পের নিরাপত্তা ও পরিচালনা পদ্ধতি পরিদর্শন করে প্রাক-অপারেশনাল সেফটি রিভিউ সম্পন্ন করে।
ডালাস বার্তা প্রতিবেদক