চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণের শিকার আদিবাসী তরুণী

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক আদিবাসী তরুণীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Apr 24, 2026 - 13:54
চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণের শিকার আদিবাসী তরুণী
ছবি: প্রতীকি, সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক আদিবাসী তরুণীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— আপ্রুমং মারমা (২৬), থুয়াইচিং মারমা (২৯), ওথাইনু মারমা (৩০) এবং ওকরাইজা মারমা। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত। তিনি ব্যারিস্টার কলেজ রোডের একটি ভাড়া বাসায় অন্য নারী শ্রমিকদের সঙ্গে থাকতেন। গত ১০ এপ্রিল তার পরিচিত এক ব্যক্তি চিকিৎসার জন্য ফেনী থেকে চট্টগ্রামে এসে ওই বাসায় অবস্থান করেন।

এ তথ্য বাসার আরেক নারী পরিচিত কয়েকজনকে জানালে, গত ১৯ এপ্রিল রাতে অভিযুক্তরা ‘জিজ্ঞাসাবাদের’ কথা বলে ওই তরুণীকে ব্যারিস্টার কলেজ রোডের অন্য একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাঁর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার সকালে ইপিজেড এলাকার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করে। ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।

ডালাস বার্তা প্রতিবেদক