স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান: পোপ
মধ্যপ্রাচ্য সফরে গিয়ে ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত নিরসনে ‘দুই রাষ্ট্র সমাধান’-কেই একমাত্র কার্যকর পথ হিসেবে তুলে ধরেছেন পোপ লিও চতুর্দশ। তুরস্ক থেকে লেবাননে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে বৈশ্বিক স্বীকৃতিসহ একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।

ভ্যাটিকান ২০১৫ সালেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। তবে গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে পোপের এই আহ্বানকে এ পর্যন্ত সবচেয়ে দৃঢ় অবস্থান হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘ইসরায়েল এখনো এই সমাধান গ্রহণ করেনি। আমরা ইসরায়েলের বন্ধু, কিন্তু মনে করি—দুই রাষ্ট্রই একমাত্র পথ।’
পোপ জানান, ভ্যাটিকান ন্যায়সম্মত সমাধানের লক্ষ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আঙ্কারায় আলোচনায় গাজা ও ইউক্রেন ইস্যুও উঠে এসেছে বলে তিনি নিশ্চিত করেন। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে এরদোয়ানের ভূমিকা উল্লেখ করে পোপ আশা প্রকাশ করেন—যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ক সংলাপ ও যুদ্ধবিরতি এগিয়ে নিতে সাহায্য করবে।
গাজা প্রসঙ্গে তিনি আবারও বলেন, দীর্ঘ সংঘাতের অবসান ঘটাতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন—ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা নিয়ে তাদের নীতিতে ‘একচুলও পরিবর্তন’ হয়নি।
তথ্যসূত্র: এএফপি