বাগদাদে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ
ইরাকের রাজধানী বাগদাদ থেকে মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ করা হয়েছে। ইরাকি ও মার্কিন কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় সন্দেহভাজনদের মধ্যে ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে।
ইরাকের রাজধানী বাগদাদ থেকে মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ করা হয়েছে। ইরাকি ও মার্কিন কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় সন্দেহভাজনদের মধ্যে ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম আল-মনিটর জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে অপহরণ করা হয়। স্থানীয় খবরে বলা হয়েছে, রাজধানীর কেন্দ্রস্থলের একটি হোটেলের কাছ থেকে তাকে তুলে নেওয়া হয়।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপহরণকারীদের ধাওয়া করলে একটি গাড়ি উল্টে যায় এবং একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তবে অপহরণকারীদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তির সঙ্গে ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া কাতায়িব হিজবুল্লাহর সম্পর্ক রয়েছে। এর আগে কিটলসনকে এই গোষ্ঠীর পক্ষ থেকে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করা হয়েছিল বলেও জানা গেছে।
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন অপহরণের ঘটনা নিশ্চিত করে জানান, তাঁকে মুক্ত করতে এফবিআইর সঙ্গে সমন্বয় চলছে। তিনি বলেন, ‘আমরা দ্রুত তার নিরাপদ মুক্তি নিশ্চিত করতে কাজ করছি।’
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গোপনীয়তার কারণে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না। তবে কিটলসনের মুক্তিতে ইরাকি সরকারের সঙ্গে কাজ চলছে।
কিটলসনের জরুরি যোগাযোগ হিসেবে থাকা সিএনএনের নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স প্লিটসাস বলেন, তাঁকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল যে তার নাম একটি টার্গেট তালিকায় রয়েছে। যদিও তিনি ওই হুমকিকে গুরুত্ব দেননি বলে জানা গেছে।
তার জরুরি যোগাযোগ হিসেবে থাকা অ্যালেক্স প্লিটসাস, যিনি সিএনএনের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক, সিবিএসকে জানান, কিটলসনকে মার্কিন সরকার ইরান-সমর্থিত প্যারামিলিটারি গোষ্ঠীর একটি নির্দিষ্ট হুমকির বিষয়ে সতর্ক করেছিল।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপহৃত সাংবাদিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, রোমভিত্তিক এই সাংবাদিক আগে আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার সংঘাত নিয়ে কাজ করেছেন। একসময় অপহরণের জন্য কুখ্যাত বাগদাদে সাম্প্রতিক বছরগুলোতে এমন ঘটনা কমে এলেও এই অপহরণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তথ্যসূত্র: বিবিসি