শিক্ষার্থীদের প্র্যাঙ্কই কেড়ে নিল স্কুল শিক্ষকের জীবন
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে শিক্ষার্থীদের করা একটি প্র্যাঙ্কের জেরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় শিক্ষক জেসন হিউজ (৪০)। ঘটনাটি স্থানীয় কমিউনিটিতে গভীর শোকের সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে শিক্ষার্থীদের করা একটি প্র্যাঙ্কের জেরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় শিক্ষক জেসন হিউজ (৪০)। ঘটনাটি স্থানীয় কমিউনিটিতে গভীর শোকের সৃষ্টি করেছে।
নর্থ হল হাই স্কুলের গণিত শিক্ষক হিউজের বাড়ির গাছগুলো কয়েকজন কিশোর শিক্ষার্থী মজা করে টয়লেট পেপার দিয়ে ঢেকে দেয়—যা যুক্তরাষ্ট্রে কিশোরদের মধ্যে প্রচলিত একটি প্র্যাঙ্ক।
বিষয়টি টের পেয়ে হিউজ বাড়ির বাইরে বের হলে শিক্ষার্থীরা দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া–পাল্টা ধাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে তিনি হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই একটি পিকআপ ট্রাক তাকে চাপা দেয়।
হল কাউন্টি শেরিফের অফিস জানায়, ১৮ বছর বয়সী জায়ডেন রায়ান ওয়ালেস নর্থ গেট ড্রাইভ দিয়ে পিকআপ ট্রাক নিয়ে বের হওয়ার সময় হিউজ তার গাড়ির নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে নর্থইস্ট জর্জিয়া মেডিকেল সেন্টারে নেওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি।
ঘটনার পর ওয়ালেসের বিরুদ্ধে প্রথম ডিগ্রির ভেহিকুলার হোমিসাইড, বেপরোয়া ড্রাইভিং, অবৈধভাবে অন্যের সম্পত্তিতে প্রবেশ এবং আবর্জনা ফেলার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ঘটনায় জড়িত আরও চার কিশোরের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও আবর্জনা ফেলার অভিযোগ দায়ের করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় কমিউনিটি হিউজের পরিবারের পাশে দাঁড়িয়েছে। অনলাইন তহবিল সংগ্রহ প্ল্যাটফর্ম গোফান্ডমি-এ চালু হওয়া একটি প্রচারণায় ইতিমধ্যে ৮০ হাজার ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছে, যা তাঁর স্ত্রী ও দুই সন্তানের সহায়তায় ব্যবহৃত হবে।
তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস