নতুন আইনে লাখো মার্কিন নাগরিকের জন্য কানাডার নাগরিকত্বের পথ উন্মুক্ত
নতুন একটি আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের লাখো নাগরিক এখন কানাডার দ্বৈত নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাচ্ছেন। শুধু পারিবারিক বংশপরিচয়ের প্রমাণ ও সামান্য ফি দিলেই মিলতে পারে এই সুযোগ।
নতুন একটি আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের লাখো নাগরিক এখন কানাডার দ্বৈত নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাচ্ছেন। শুধু পারিবারিক বংশপরিচয়ের প্রমাণ ও সামান্য ফি দিলেই মিলতে পারে এই সুযোগ।
সম্প্রতি কার্যকর হওয়া কানাডার বিল সি-৩ অনুযায়ী, যেসব ব্যক্তি নিজেদের পারিবারিক শিকড় কানাডায় প্রমাণ করতে পারবেন, তাঁরা প্রজন্মের সীমা ছাড়াই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এতে বসবাসের কোনো শর্ত নেই, অপেক্ষার তালিকাও নেই। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৭৫ কানাডিয়ান ডলার (প্রায় ৫৫ মার্কিন ডলার)।
এই আইনের পর যুক্তরাষ্ট্রজুড়ে কানাডার নাগরিকত্ব পাওয়ার আগ্রহ হঠাৎ বেড়ে গেছে। অভিবাসন আইনজীবীরা বলছেন, আগে যেখানে বছরে হাতে গোনা কয়েকটি আবেদন আসত, এখন সেখানে প্রতিদিনই নতুন অনুসন্ধান আসছে।
ওয়াশিংটন অঙ্গরাজ্যের অভিবাসন আইনজীবী টেরি প্রেশো জানান, গত বছর তার কাছে মাত্র চারটি আবেদন ছিল, কিন্তু এখন সেই সংখ্যা ৫০ ছাড়িয়েছে। একইভাবে বাউন্ডারি বে ল’ ফার্মের আইনজীবী ব্রায়ান গ্যালাঘার বলেন, আগে তিন মাসে একটি আবেদন আসলেও এখন প্রতিদিনই অন্তত একটি পরামর্শ দিতে হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে অনেকেই বিকল্প হিসেবে কানাডার নাগরিকত্বকে দেখছেন। কেউ কেউ স্থায়ীভাবে চলে যাওয়ার কথা ভাবছেন, আবার অনেকে ভবিষ্যতের নিরাপত্তা হিসেবে এটিকে বিবেচনা করছেন।
আইনটির পেছনে রয়েছে দীর্ঘদিনের বৈষম্যমূলক নীতির সংশোধন। আগে বিদেশিকে বিয়ে করলে অনেক নারী তাদের কানাডীয় নাগরিকত্ব হারাতেন এবং সন্তানের কাছে তা হস্তান্তর করতে পারতেন না—যেখানে পুরুষদের ক্ষেত্রে এমন বাধা ছিল না। ২০২৩ সালের ডিসেম্বরে একটি আদালত এই বিধানকে বৈষম্যমূলক ঘোষণা করলে নতুন আইন প্রণয়ন করা হয়।
তবে আইনজীবীরা সতর্ক করে বলছেন, প্রক্রিয়াটি যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা নয়। নাগরিকত্বের ধারাবাহিক প্রমাণ থাকতে হবে; মাঝখানে কোনো প্রজন্ম নাগরিকত্ব হারালে আবেদন বাতিল হতে পারে।
বর্তমানে কানাডা সরকারের তথ্যমতে, নাগরিকত্ব সনদের জন্য আবেদন নিষ্পত্তিতে প্রায় ১০ মাস সময় লাগছে এবং ইতোমধ্যে ৫৬ হাজারের বেশি আবেদন অপেক্ষমাণ রয়েছে।
তবু অনেকের কাছে এটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে—কেউ ক্যারিয়ার বিস্তারের জন্য, কেউবা ভবিষ্যতের নিরাপত্তার জন্য এই সুযোগ কাজে লাগাতে চাইছেন।
তথ্যসূত্র: ডব্লিউএফএএ