হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক বন্দুকধারীর গুলিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিস। পরে সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হন। এ সময় এক পথচারীও আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক বন্দুকধারীর গুলিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিস। পরে সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হন। এ সময় এক পথচারীও আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। তিনি ইরানকে ঘিরে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে বৈঠকে ব্যস্ত ছিলেন। তবে এ ঘটনায় ট্রাম্পের কোনো ক্ষতি হয়নি।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানান, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পরে হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনীর কাছে এক ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালানো শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে বন্দুকধারী গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গোলাগুলির সময় এক পথচারী আহত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি।
ঘটনার পরপরই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত এলাকা ঘিরে ফেলেন। ওয়াশিংটনের প্রাণকেন্দ্রের ওই এলাকায় প্রবেশে সাংবাদিকদেরও বাধা দেওয়া হয়।
কানাডীয় পর্যটক রিড আদ্রিয়ান এএফপিকে বলেন, “আমরা ২০ থেকে ২৫টির মতো শব্দ শুনেছিলাম। প্রথমে আতশবাজি মনে হলেও পরে বুঝি সেগুলো গুলির শব্দ। এরপর সবাই দৌড়াতে শুরু করে।”
হোয়াইট হাউসের উত্তর লনে অবস্থান করা সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নিতে বলা হয়। এদিকে এবিসি ন সাংবাদিক সেলিনা ওয়াং সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও ধারণ করছিলেন। তখনই গোলাগুলি শুরু হয়। পরে এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, “মনে হচ্ছিল কয়েক ডজন গুলি ছোড়া হয়েছে।”
৭৯ বছর বয়সী ট্রাম্পকে ঘিরে এর আগেও একাধিকবার নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। সবশেষ গত ২৫ এপ্রিল এক সশস্ত্র ব্যক্তি একটি হোটেলের নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন, যেখানে ট্রাম্প একটি মিডিয়া গালা অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন। তবে তিনি ট্রাম্পের কাছাকাছি পৌঁছাতে পারেননি।
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে বাটলারে নির্বাচনী সমাবেশে গুলিবর্ষণের ঘটনায় ট্রাম্পের কানে সামান্য আঘাত লাগে এবং একজন দর্শক নিহত হন। পরে ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময়ও এক সশস্ত্র ব্যক্তিকে আটক করা হয়।
নিরাপত্তা উদ্বেগের কারণেই হোয়াইট হাউসে নতুন একটি বলরুম নির্মাণের পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প। প্রায় ৪০০ মিলিয়ন ডলারের এই প্রকল্পে ড্রোন প্রতিরোধ ব্যবস্থা এবং ভূগর্ভস্থ সামরিক হাসপাতালও রাখার পরিকল্পনা রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স