যুক্তরাজ্যে চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে গুরুতর আহত ৯
ইংল্যান্ডের পূর্বাঞ্চলের ক্যামব্রিজের কাছে এক চলন্ত ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে এই ভয়াবহ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
ইংল্যান্ডের পূর্বাঞ্চলের ক্যামব্রিজের কাছে এক চলন্ত ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে এই ভয়াবহ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, হামলার কারণ এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনার পটভূমি ও উদ্দেশ্য খতিয়ে দেখতে সন্ত্রাসবিরোধী ইউনিট তদন্তে সহায়তা করছে। হামলার পর ‘প্লেটো’ নামের বিশেষ সতর্ক সংকেত জারি করা হয়—যা সাধারণত বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় দেওয়া হয়। পরে যদিও সেটি প্রত্যাহার করা হয়।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট ক্রিস কেইসি বলেন, ‘ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানতে আমরা দ্রুত তদন্ত চালাচ্ছি। এখনই কোনো অনুমান করা ঠিক হবে না।’
ক্যামব্রিজশায়ার পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে হান্টিংডন স্টেশনে জরুরি কল পেয়ে সশস্ত্র পুলিশ ট্রেনটি থামিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, বড় আকারের উদ্ধার অভিযান চালানো হয়, যেখানে বহু অ্যাম্বুলেন্স, উদ্ধার দল ও কৌশলগত কর্মকর্তা অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক যাত্রী ছুরিকাঘাতে আহত অবস্থায় চিৎকার করে অন্যদের সতর্ক করছিলেন। তার পুরো শরীর রক্তাক্ত ছিল এবং ট্রেন থামার আগেই তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। অন্য যাত্রীরা আতঙ্কে দৌড়ে পালাতে থাকেন, আর সশস্ত্র পুলিশ স্টেশনের প্ল্যাটফর্মে ছুরি হাতে এক ব্যক্তিকে টার্গেট করে টেজার গান ব্যবহার করে আটক করে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে ‘অত্যন্ত উদ্বেগজনক ও ভয়াবহ ঘটনা’ আখ্যা দিয়েছেন। এক্স হ্যান্ডলে দেওয়া বিবৃতিতে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে জরুরি সেবাদানকারী দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকাবাসীকে পুলিশ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
তথ্যসূত্র: বিবিসি