১৬৫ শিশুকে পাশাপাশি দাফন, শোকে স্তব্ধ মিনাব

মাত্র কয়েক দিন আগেও যাদের কোলাহলে মুখর ছিল স্কুল প্রাঙ্গণ, সেই ১৬৫ শিশুই এখন শুয়ে থাকবে পাশাপাশি কবরের সারিতে। মঙ্গলবার ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে তাদের গণজানাজায় নেমেছিল হাজারো মানুষের ঢল।

Mar 3, 2026 - 21:34

ইরানে গত শনিবার হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সেদিন মিনাবের একটি স্কুলে ক্লাস চলাকালে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এতে এখন পর্যন্ত ১৬৫ শিশু নিহত হয়েছে। মঙ্গলবার মিনাব স্কয়ারে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

ভিডিও ও ছবিতে দেখা গেছে, ইরানের পতাকায় মোড়ানো ছোট ছোট কফিন ঘিরে অশ্রুসিক্ত মানুষের ভিড়। অনেকের হাতে ছিল নিহত শিশুদের ছবি। কয়েকজনের বয়স ছিল মাত্র সাত বছর। এক মাকে দুই হাতে মেয়ের ছবি ধরে বিলাপ করতে দেখা যায়। শোকমিছিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগানও শোনা গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সারি সারি কবরের ছবি পোস্ট করে হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন। তিনি লেখেন, একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলায় ১৬০ জনের বেশি শিশু নিহত হয়েছে এবং তাদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।

ঘটনাটির নিন্দা জানিয়েছে ইউনেসকো এবং নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাইসহ অনেকে।

তথ্যসূত্র: আল জাজিরা, সিএনএন