ফ্লু ও কোভিড টিকায় বিভ্রান্তি কাটাতে মার্কিন চিকিৎসক সংগঠনগুলোর যৌথ নির্দেশিকা

যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসক সংগঠনগুলো এই শরতে ফ্লু ও কোভিড-১৯ টিকা গ্রহণে নতুন যৌথ নির্দেশিকা প্রকাশ করেছে। ট্রাম্প প্রশাসনের পরিবর্তিত পরামর্শে সৃষ্ট বিভ্রান্তি কমিয়ে সাধারণ মানুষকে বিজ্ঞানসম্মত তথ্য দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।

Sep 6, 2026 - 08:07
ফ্লু ও কোভিড টিকায় বিভ্রান্তি কাটাতে মার্কিন চিকিৎসক সংগঠনগুলোর যৌথ নির্দেশিকা
উইকিমিডিয়া কমন্স

যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসক সংগঠনগুলো এই শরতে ফ্লু ও কোভিড-১৯ টিকা গ্রহণে নতুন যৌথ নির্দেশিকা প্রকাশ করেছে। ট্রাম্প প্রশাসনের পরিবর্তিত পরামর্শে সৃষ্ট বিভ্রান্তি কমিয়ে সাধারণ মানুষকে বিজ্ঞানসম্মত তথ্য দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।

এপি জানায়, গত ৩ সেপ্টেম্বর বুধবার আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স, আমেরিকান অ্যাকাডেমি অব ফ্যামিলি ফিজিশিয়ানস, আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস এবং ইনফেকশাস ডিজিজেস সোসাইটি অব আমেরিকা পৃথক পৃথক নির্দেশিকা প্রকাশ করে। এফডিএ গত সপ্তাহে হালনাগাদ কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে।

সব সংগঠন একমত যে ছয় মাস বা তার বেশি বয়সী সবাইকে ফ্লু টিকা নিতে হবে। বিশেষত ৬৫ বছরের বেশি বয়সী, গর্ভবতী নারী, শিশু এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ডা. স্যান্ড্রা ফ্রাইহোফার বলেন, টিকা নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। সংগঠনগুলোর সুপারিশ ও প্রমাণ তাদের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে যাতে ফেডারেল প্রক্রিয়া অনিশ্চিত থাকলেও জনগণ স্পষ্ট বিজ্ঞানসম্মত নির্দেশনা পায়।

গত দুটি ফ্লু মৌসুম ছিল অস্বাভাবিক মাত্রায় মারাত্মক; শিশুমৃত্যুর অধিকাংশই ছিল টিকাবঞ্চিত শিশু। সিডিসির পরামর্শদাতা প্যানেল একটি আইনি লড়াইয়ে আটকে থাকায় চিকিৎসক সংগঠনগুলো এই শূন্যতা পূরণ করছে।

সূত্র: এপি