তাপপ্রবাহে সড়ক বিকৃত, জুলাই ফোর্থের ছুটিতে একাধিক রাজ্যে যানজট
চতুর্থ জুলাইয়ের ছুটিতে মার্কিন পূর্বাঞ্চলে তীব্র তাপপ্রবাহে একাধিক রাজ্যে সড়ক বিকৃত হয়ে যানজট সৃষ্টি হয়েছে।
চতুর্থ জুলাইয়ের ছুটিতে মার্কিন পূর্বাঞ্চলে তীব্র তাপপ্রবাহে একাধিক রাজ্যে সড়ক বিকৃত হয়ে যানজট সৃষ্টি হয়েছে।
ন্যাশনাল পাবলিক রেডিও জানিয়েছে, মেরিল্যান্ডের বাল্টিমোরের দক্ষিণে আন্তঃরাজ্য মহাসড়ক আই-৯৭-এর কংক্রিট পেভমেন্ট হঠাৎ বেঁকে যাওয়ায় একটি লেন বন্ধ করে দিতে হয়। গত ৪ জুলাই শুক্রবার শিকাগোর একটি সড়কেও একই ধরনের ক্ষতি হয়েছে।
স্ট্রং টাউনস সংস্থার প্রতিষ্ঠাতা চার্লস মারহন জানান, সড়কের নিচে পানি জমলে কংক্রিট নরম হয়, এরপর প্রচণ্ড গরমে প্রসারিত হয়ে ভেঙে পড়ে। মেরিল্যান্ড পরিবহন বিভাগের মুখপাত্র চার্লি জিশলার বলেন, দীর্ঘস্থায়ী তাপ ও ভারী যানবাহনের চাপ একসঙ্গে এই ক্ষতির কারণ।
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অস্টিনের সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক অমিত ভাসিন জানান, কংক্রিটে পর্যাপ্ত এক্সপ্যানশন জয়েন্ট না থাকলে তাপে প্রসারণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। একাধিক রাজ্যের পরিবহন বিভাগ চালকদের তাপজনিত সড়ক ক্ষতির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে এবং সড়ক অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ব্যয় আগামী বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
সূত্র: এনপিআর