৬০ অর্থনীতির পণ্যে নতুন শুল্ক আরোপ করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ৬০টি অর্থনীতি থেকে আমদানি হওয়া পণ্যের ওপর নতুন শুল্ক কার্যকর করেছেন। নতুন নীতির আওতায় অধিকাংশ দেশের জন্য ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে। এই শুল্ক আগের অস্থায়ী বৈশ্বিক শুল্কের পরিবর্তে কার্যকর হয়েছে।

হোয়াইট হাউসের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়নি। সে কারণেই ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু জ্বালানি, সার, গুরুত্বপূর্ণ খনিজসহ কয়েকটি পণ্য এ শুল্কের বাইরে রাখা হয়েছে।
বাংলাদেশ, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়াসহ কয়েকটি দেশ ১০ শতাংশ শুল্কের তালিকায় রয়েছে। অন্যদিকে চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়াসহ আরও অনেক দেশের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। প্রশাসনের ভাষ্য, যেসব দেশ জোরপূর্বক শ্রমবিরোধী ব্যবস্থা কিছুটা গ্রহণ করেছে, তাদের তুলনামূলক কম হারে শুল্ক দেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন, চীন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ এ সিদ্ধান্তের সমালোচনা করেছে। অর্থনীতিবিদদের মতে, আমদানিকারকদের ওপর বাড়তি ব্যয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপরও চাপ সৃষ্টি করতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এই নীতি যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে শক্তিশালী করবে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে জোরপূর্বক শ্রম কমাতে চাপ তৈরি করবে।
সূত্র: ব্লুমবার্গ, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস