টাটা ইলেকট্রনিকসের সাইবার ঘটনার পর অ্যাপল-টেসলাসংক্রান্ত নথি ফাঁসের দাবি
টাটা ইলেকট্রনিকসের একটি সাইবার নিরাপত্তা ঘটনার পর অ্যাপল ও টেসলাসংক্রান্ত বলে দাবি করা নথি ডার্ক ওয়েবে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা গবেষকেরা। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
টাটা ইলেকট্রনিকসের একটি সাইবার নিরাপত্তা ঘটনার পর অ্যাপল ও টেসলাসংক্রান্ত বলে দাবি করা নথি ডার্ক ওয়েবে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা গবেষকেরা। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ওয়ার্ল্ড লিকস নামের একটি দল দুই লাখের বেশি ফাইল প্রকাশ করেছে বলে দাবি করেছে। দলটির ওয়েবসাইটে টাটা ইলেকট্রনিকসের নামে প্রকাশিত ডেটার পরিমাণ ৬৩০ গিগাবাইটের বেশি বলে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সাইবার নিরাপত্তা গবেষক রাজশেখর রাজাহারিয়া বলেন, প্রকাশিত ফাইলগুলোর মধ্যে ইমেইল, কয়েক বছরের ইভেন্ট লগ এবং কর্মীদের পাসপোর্টের কপিও রয়েছে। তবে প্রকাশিত ডেটার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সোমবার টাটা ইলেকট্রনিকস জানায়, কয়েক সপ্তাহ আগে তাদের কিছু সিস্টেমে একটি সাইবার নিরাপত্তা ঘটনা শনাক্ত হয়। কোম্পানিটি বলেছে, ঘটনার পর তাদের প্রতিক্রিয়া প্রটোকল চালু করা হয় এবং এতে ব্যবসায়িক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
টাটা ইলেকট্রনিকসের গ্রাহকদের মধ্যে অ্যাপল ও টেসলা রয়েছে। নিরাপত্তা গবেষকদের দাবি, প্রকাশিত নথির মধ্যে ওই দুই প্রতিষ্ঠানের যন্ত্রাংশের নকশা ও কারিগরি নির্দিষ্টকরণসংক্রান্ত তথ্যও রয়েছে। এদিকে, এক সূত্রের বরাতে জানা গেছে, অ্যাপল ঘটনাটি পর্যালোচনা করছে।
সূত্র: রয়টার্স