জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের চমক, দেশে সরকারি ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে পেনাল্টি শুটআউটে শক্তিশালী জার্মানিকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে প্যারাগুয়ে। এই জয়ের পর দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেন, 'প্যারাগুয়ে কখনো হার মানে না! সরকারি ছুটি, ব্যস!'

Jun 30, 2026 - 16:25
জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের চমক, দেশে সরকারি ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট
ছবি: ফিফা

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে পেনাল্টি শুটআউটে শক্তিশালী জার্মানিকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে প্যারাগুয়ে। এই জয়ের পর দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেন, 'প্যারাগুয়ে কখনো হার মানে না! সরকারি ছুটি, ব্যস!'

গত ২৯ জুন রোববার বোস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে হুলিও এনসিসোর দারুণ হেডে লিড নেয় প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধে কাই হাভার্টসের গোলে সমতা ফেরায় জার্মানি। অতিরিক্ত সময়ে জোনাথান তাহের হেডে জার্মানির দ্বিতীয় গোল এলেও ভিএআর রিভিউতে ফাউলের কারণে তা বাতিল হয়।

নির্ধারিত সময়ে ফল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে হাভার্টস, ওল্টেমাডে ও তাহ পেনাল্টি মিস করেন। অন্যদিকে প্যারাগুয়ের জোসে কানালে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে ভুল পথে পাঠিয়ে নিশ্চিত করেন দলের ঐতিহাসিক জয়। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম পেনাল্টি শুটআউটে হারল জার্মানি।

গ্রুপ পর্বে অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে উঠেছিল প্যারাগুয়ে। ২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে লাতিন আমেরিকার এই দলটি। গত বছর বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পরও প্রেসিডেন্ট পেনা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন। প্যারাগুয়ের আইন অনুযায়ী, নির্বাহী বিভাগ প্রতি বছর সর্বোচ্চ তিনটি অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করতে পারে।

আগামী শনিবার ফিলাডেলফিয়ায় শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হবে প্যারাগুয়ে।