৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পর মার্ক জাকারবার্গ বললেন চাকরি পরিস্থিতি আরও ভালো হবে

মেটার প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পর সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারানোর আশঙ্কা অতিরঞ্জিত। কোম্পানিগুলো সব কাজ স্বয়ংক্রিয় করার বদলে মানুষকে আরও উৎপাদনশীল করতে মনোযোগ দিলে ভবিষ্যতে চাকরি কমবে না, বরং বাড়বে বলে তিনি মন্তব্য করেন।

Jul 2, 2026 - 17:32
৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পর মার্ক জাকারবার্গ বললেন চাকরি পরিস্থিতি আরও ভালো হবে
উইকিমিডিয়া কমন্স: Mike Deerkoski

মেটার প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পর সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারানোর আশঙ্কা অতিরঞ্জিত। কোম্পানিগুলো সব কাজ স্বয়ংক্রিয় করার বদলে মানুষকে আরও উৎপাদনশীল করতে মনোযোগ দিলে ভবিষ্যতে চাকরি কমবে না, বরং বাড়বে বলে তিনি মন্তব্য করেন।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, কমপ্লেক্সের আইডিয়া জেনারেশন অনুষ্ঠানে একটি সরাসরি সাক্ষাৎকারে জাকারবার্গ এই মন্তব্য করেন। তিনি বলেন, অনেকে ধরে নেন এআই চাকরি কেড়ে নেবে, কিন্তু তিনি মনে করেন এটি অনিবার্য নয়।

এর আগে গত ২০ মে মঙ্গলবার মেটা তাদের মোট জনবলের প্রায় ১০ শতাংশ অর্থাৎ ৮ হাজার কর্মীকে ছাঁটাই করে। স্থানীয় সময় ভোর ৪টায় এশিয়া, ইউরোপ ও আমেরিকায় তিন দফায় ছাঁটাইয়ের ইমেইল পাঠানো হয়। মার্কিন কর্মীরা ১৬ সপ্তাহের ক্ষতিপূরণসহ প্রতি কর্মবর্ষের জন্য অতিরিক্ত দুই সপ্তাহ এবং ১৮ মাসের স্বাস্থ্যবিমা সুবিধা পাচ্ছেন।

মেটার সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল পর্যন্ত কোম্পানির মোট জনবল ছিল ৭৭ হাজার ৯৮৬ জন। ছাঁটাই ছাড়াও আরও ৭ হাজার কর্মীকে নতুন এআই প্রকল্পে স্থানান্তর করা হচ্ছে এবং ৬ হাজার শূন্য পদ বাতিল করা হয়েছে। চলতি বছর মেটা ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার মূলধন ব্যয় করবে, যার বেশির ভাগ যাবে ডেটা সেন্টার ও কাস্টম চিপে।

জাকারবার্গের এই মন্তব্য অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইয়ের বক্তব্যের বিপরীত, যিনি সতর্ক করেছেন যে পাঁচ বছরের মধ্যে প্রাথমিক পর্যায়ের অফিস চাকরির অর্ধেক বিলুপ্ত হতে পারে। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান অবশ্য বলেছেন, চাকরির ব্যাপক ক্ষতির আশঙ্কা এখনো বাস্তবে পরিণত হয়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া